ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে দেশের প্রতি উপজেলায় ৪০ জন করে ২০ হাজার খণ্ডকালীন শিক্ষক নিয়োগের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছুটিজনিত ও অন্যান্য কারণে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা দূর করতে খণ্ডকালীন শিক্ষকের প্রয়োজন। এ লক্ষ্যে প্রতি উপজেলায় খণ্ডকালীন শিক্ষক নিয়োগের নীতিগত সিদ্ধান্তের বিষয়ে আমরা একমত হয়েছি।"
প্রয়োজন অনুসারে খন্ডকালীন শিক্ষক নিয়োগের বিষয়ে পরবর্তীতে প্রক্রিয়া ঠিক করা হবে বলে জানান তিনি।
এক সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়, খণ্ডকালীন শিক্ষক নিয়োগের পাশাপাশি দেশের ৩৭ হাজার ৬৭২টি বিদ্যালয়ে একজন করে নৈশ প্রহরী নিয়োগ দেওয়া হবে ।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৯ম সভা মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি দেওয়ান ফরিদ গাজী এতে সভাপতিত্ব করেন।
সভায় বেসরকারী প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট (সংশোধন) বিল, ২০১০ চূড়ান্ত করা হয়।
তথ্যবিবরণীতে বলা হয়, স্থায়ী কমিটির সভায় জানানো হয় যে- ছুটিজনিত ও অন্যান্য কারণে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা দূর করতে প্রতি উপজেলায় ৪০ জন করে মোট ২০ হাজার খণ্ডকালীন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে।
এছাড়া ৩৭ হাজার ৬৭২ টি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে নৈশ প্রহরী নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে।
এছাড়া যেসব প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ নেই সেসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ সৃষ্টির জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় প্রদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়।
সভায় প্রাথমিক বিদ্যালয়ে লেখা-পড়ার সুষ্ঠু পরিবেশ ও গুণগতমান নিশ্চিতকরণে যথাসময়ে শিক্ষকদের উপস্থিতির উপর গুরুত্বারোপ করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত 'মানব সম্পদ উন্নয়নের জন্য সাক্ষরতা উত্তর ও অব্যাহত শিক্ষা প্রকল্প-২' এবং 'রিচিং আউট অব স্কুল চিলড্রেন প্রকল্প' নিয়েও আলোচনা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়।
কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন, প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন, মো. আতিউর রহমান আতিক, আফাজ উদ্দিন আহমেদ, আব্দুল মান্নান, তালুকদার মো. ইউনুস, অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী এবং জোবেদা খাতুন সভায় যোগ দেন।
প্রাথামকি ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. সহিদ খান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২১০০ ঘ.
bdnews24