গোপালগঞ্জ, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী সরদার নাসির উদ্দিন আহমেদ (৫৮) দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন।
সোমবার সকালে শহরের পাবলিক হল এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ নাসিরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সকালে নাসির পাওয়ারহাউস রোডের বাড়ি থেকে হাঁটতে বের হন। পাবলিক হল এলাকায় একটি মটরসাইকেলে করে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি করে।
ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন।
গোপালগঞ্জ সদর থানার ওসি বোরহান উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পারিবারিক কলহের কারণে এ হামলা হতে পারে বলে নাসির পুলিশকে বলেছেন।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৬ ঘ.
bdnews24