২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ছেলেধরা সন্দেহে গণপিটুনি, নিহত ২

ফেনীর পরশুরাম ও সোনাগাজী উপজেলায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে গত তিনদিনে দুইজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2010, 12:51 PM

Updated : 25 Aug 2022, 05:24 PM

ফেনী, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর পরশুরাম ও সোনাগাজী উপজেলায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে গত তিনদিনে দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সোমবার পরশুরামে নিহত হন অজ্ঞাতনামা এক দিনমজুর এবং শনিবার সোনাগাজীতে মারা যান এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পরশুরাম উপজেলার সুবারবাজার এলাকায় সোমবার দুপুরে এক অজ্ঞাতনামা দিনমজুর টেম্পুযোগে সুবারবাজার থেকে পরশুরাম যাচ্ছিলেন। ওই সময় এক মহিলা যাত্রীর সঙ্গে থাকা দুইটি শিশুর একটিকে কোলে নিতে চাইলে মহিলাটি চিৎকার দেন। এতে আশপাশের লোকজন পিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার বাড়ি বরিশাল জেলায় বলে এলাকাবাসী জানিয়েছে। সোনাগাজি থানার ওসি নিজাম উদ্দিন জানান, গত শনিবার সোনাগাজীর চর সোনাপুর গ্রামে ছেলেধরা সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে মেরেছে এলাকাবাসী। ওই ঘটনায় দেড়শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি জানান, এলাকাবাসীকে গুজবে কান না দেওয়ার জন্য উপজেলায় মাইকিং করা হয়েছে। পরশুরামেও মাইকিং করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকতা নির্মল কান্তি চাকমা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৫ ঘ.