২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে বিজিএমইএ-পুলিশ যৌথভাবে কাজ করবে

তৈরি পোশাক শিল্পে অপ্রীতিকর ঘটনা এড়াতে রমজানের সময় চট্টগ্রামে পুলিশ ও তৈরি পোশাক শিল্প সমিতি (বিজিএমইএ) যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2010, 07:08 PM

Updated : 25 Aug 2022, 05:18 PM

চট্টগ্রাম, আগষ্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাক শিল্পে অপ্রীতিকর ঘটনা এড়াতে রমজানের সময় চট্টগ্রামে পুলিশ ও তৈরি পোশাক শিল্প সমিতি (বিজিএমইএ) যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার বিকালে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সিএমপি কমিশনার মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে মালিক ও পুলিশের সমন্বয়ে আসন্ন রমজানে তৈরি পোশাক কারখানায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ পর্যবেক্ষণ সেল গঠনেরও সিদ্ধান্ত হয়। সিএমপি'র সহকারী কমিশনার (গোয়েন্দা) হাছান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রমজানে নগরীর গার্মেন্টস শিল্পে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে একযোগে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সবরকম সহযোগিতা দিতে পুলিশ প্রশাসন প্রস্তুত আছে উল্লেখ করে তিনি বলেন, এজন্য যৌথ পর্যবেক্ষণ সেল নিয়মিত বিভিন্ন কারখানা পরিদর্শন করবে। সভায় তৈরি পোশাক শিল্প সমিতির (বিজিএমইএ) প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন, পরিচালক মোহাম্মদ মুছাসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/ডিডি/০০৫৭ ঘ.