২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেলোয়ারের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি খালেদার

বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে 'মিথ্যা' মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2010, 06:20 PM

Updated : 25 Aug 2022, 05:18 PM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে 'মিথ্যা' মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে খালেদা জিয়া বলেন, "খোন্দকার দেলোয়ার হোসেনের মতো একজন দায়িত্বশীল প্রবীণ রাজনীতিবিদ ও আইনজীবী প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিবেন এটা যেমন হাস্যকর তেমনি উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ। তার বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের সরকারের দেউলিয়াপনারই চরিত্র ফুটে উঠে।" প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করায় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ তিনজনের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে রোববার একটি মামলা হয়েছে। মামলায় অন্য আসামিরা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন এবং স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। গত ১৫ জুলাই মুক্তাঙ্গনে এক সমাবেশে রফিকুল ইসলাম মিয়া শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছিলেন, "আপনার পরিণতি হবে আপনার বাবার মতো।" ওই সমাবেশে খোন্দকার দেলোয়ার হোসেন এবং শাহ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। খালেদা ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, আওয়ামী লীগ বিএনপি'র সর্বস্তরের নেতা-কর্মীর উপর হামলা ও নির্যাতন চালিয়ে এবং মিথ্যা মামলা দায়ের করে জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার নানা কৌশল এঁটে চলছে। কিন্তু অতীতে তারা নিবর্তনমূলক দুঃশাসনের মাধ্যমে নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে পারেনি। এবারও তারা বিএনপি মহাসচিবসহ সারাদেশে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে দমন করতে পারবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/০০১৫ ঘ.