পাবনা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনায় গুলি করে পুলিশের তিন সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার আরেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
আগেরদিন ঢাকার সাভার থেকে গ্রেপ্তার আয়ুব আলীকে রোববার পাবনার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে ১০ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি চায় পুলিশ।
শুনানি শেষে হাকিম সায়েদুর রহমান দুদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
সন্ধ্যা ৭টার দিকে তাকে আদালত থেকে জিজ্ঞাসাবাদের জন্য বেড়ায় নিয়ে যাওয়া হয়।
গত ১৯ জুলাই রাতে বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের চররাজধরদিয়া গ্রামে ঢালারচর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কফিল উদ্দিন, নায়েক ওয়াহেদুর রহমান ও কনস্টেবল শফিক আহমদকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
সর্বহারা পার্টি নামের একটি চরমপন্থী দলের অস্ত্রধারীরা তাদের হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
এরপর ওই এলাকায় চিরুনি অভিযানের নির্দেশ দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
গ্রেপ্তারকৃত আয়ুব ঢালারচর ইউনিয়নের দাসপাড়া গ্রামের বাসিন্দা।
এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
পাবনার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) জামিল আহমেদ জানান, হত্যাকাণ্ডে ১০-১২ জন অংশ নিয়েছে। এদের নাম ঠিকানা পাওয়া গেছে। এদের মধ্যে আয়ুব আলী অন্যতম।
বাকিদের নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেন এসপি।
হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে এর আগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার তাজু শেখ (৩৫), ঢালারচর ইউনিয়নের বালুন্দি গোয়ালনগর গ্রামের গ্রাম্য চিকিৎসক আব্দুর রহিম (৩৫), সুজানগর উপজেলার হাসানপুর গ্রামের নাদের আলী প্রামাণিক (৫০) বেড়া উপজেলার রাজধরদিয়া গ্রামের ওয়াজেদ আলী (৪০), রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান (৪৫) ও নয়নপুর গ্রামের সায়েম মণ্ডল (৪০)।
এদের মধ্যে নাদের, ওয়াজেদ আলী ও রহিমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা বেড়া থানার ওসি জিল্লুর রহমান জানান, জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িতদের সম্পর্কে তথ্য পাওয়া গেছে। তাদের নাম ও ঠিকানা জানা গেছে।
প্রত্যক্ষদর্শী পুলিশের সোর্স গণি মিয়াও তাদের সনাক্ত করেছেন বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৯
bdnews24