ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোষিত মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকার দাবিতে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় রোববার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা।
বেলা সোয়া ১১টার দিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, জামগড়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এখনো যানবাহন চলাচল শুরু হয়নি। ১১টার দিকে পুলিশ জামগড়ায় মহাসড়কের ওপর অবস্থান নিয়েছে। শ্রমিকরা মহাসড়কের আশপাশে অবস্থান নিয়ে আছে। দু'পক্ষের মধ্যে থেমে থেমে সংঘাত হচ্ছে।
তারা আরো জানান, বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে জামগড়া ও পাশের কাঠগড়া এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের ব্যাপক সংঘাত বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস সেল ও লাঠিপেটা করে। শ্রমিকরা পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে।
দাবি আদায়ে রোববার সাভারের উলাইল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কও অবরোধ করেছিলো পোশাক শ্রমিকরা। পুলিশ তাদের লাঠিপেটা করে সরিয়ে দিয়েছে।
ওদিকে সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়া থানা এলাকার ছোট-বড় তিন শতাধিক তৈরি পোশাক কারখানা রোববার একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে ভোরে জামগড়া এলাকায় অবস্থিত শেড ফ্যাশান নামের একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পুলিশ জানিয়েছে, রোববার সকাল ৯টার দিকে জামগড়া এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে কয়েক হাজার শ্রমিক। তখন থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুলিশ শ্রমিকদের বাধা দেওয়ার পর দুপক্ষের মধ্যে সংঘাত বাধে। সংঘাত ছড়িয়ে পড়ে পাশের কাঠগড়া এলাকায়।
এর আগে সকাল ১০টার দিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামগড়ায় ঢাকা-টাঙ্গাইল মহসড়ক এখন কার্যত শ্রমিকদের নিয়ন্ত্রণে রয়েছে। দাবি আদায়ে তারা পুলিশের বিরুদ্ধেও স্লোগান দিচ্ছে। কাঠগড়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ চলছে।
সাভার থানার ওসি মাহাবুবুর রহমান জানান, সকাল ৯টা ২০ মিনিটের দিকে উলাইল বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত এইচ আর টেক্সটাইল এর শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিপেটা করে সকাল ৯টা ৪০ মিনিটের দিকে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। তারপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
কারখানাটিতে রোববার একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে বলেও তিনি জানান।
একই দাবিতে আশুলিয়ায় এর আগে শনিবার বেলা ১১টার দিকে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবস্থান নেয় কয়েক হাজার শ্রমিক। এক পর্যায়ে শ্রমিক-পুলিশ সংঘাতে আশুলিয়ার জামগড়া এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
পুলিশের ব্যাপক তৎপরতার মুখে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা দুপুর ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে সরে যায়। তারপর সড়কে যান চলাচল শুরু হয়।
শনিবার বিজিএমইএ সভাপতি সালাম মুশের্দীর মালিকানাধীন এনভয় গ্র"পের একটি কারখানায় ঢুকে ব্যাপক ভাংচুর চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা।
শনিবার পুলিশ-শ্রমিক সংঘর্ষে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সুপার, সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার ও আশুলিয়া থানার ওসিসহ দেড় শতাধিক লোক আহত হয়। গ্রেপ্তার করা হয় কমপক্ষে ১২ শ্রমিককে।
ঘটনার এক পর্যায়ে দুপুর ২টার দিকে আশুলিয়ার জামগড়া, নিশ্চিন্তপুর, পলাশবাড়ি, বেরন ও নরসিংহপুর এলাকার শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করে নোটিশ টানিয়ে দেওয়া হয়।
একই দাবিতে শুক্রবার ঢাকার মহাখালী, বনানী ও গুলশান এলাকায় এবং নারায়ণগঞ্জ এবং গাজীপুরে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা। নারায়ণগঞ্জে শনিবারও বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।
অব্যাহত আন্দোলনের প্রেক্ষাপটে গত সোমবার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকা নির্ধারণ করে নিুতম মজুরি বোর্ড।
এরপর বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণা করেন। এতে শ্রমিকদের তিন হাজার টাকা ন্যূনতম মজুরি ধরা হয়েছে। শিক্ষনবিশ শ্রমিকরা পাবেন আড়াই হাজার টাকা।
মজুরি কাঠামো ঘোষণা করে শ্রমমন্ত্রী জানান, আইনি প্রক্রিয়া শেষে আগামী ১ নভেম্বর থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হবে।
সংবাদ সম্মেলনে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ সভাপতিরা উপস্থিত ছিলেন। তারা ১ নভেম্বর থেকে নতুন এ মজুরি কাঠামো বাস্তবায়নের প্রতিশ্র"তি দেন। শ্রমিক প্রতিনিধিরাও ঘোষিত এ মজুরি কাঠামো মেনে নেওয়ার ঘোষণা দেন।
তবে ঘোষণার পর নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে কয়েকটি শ্রমিক সংগঠন এই কাঠামো পুনর্বিবেচনার দাবি জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১২০ ঘ.
bdnews24