যশোর, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই পা হারিয়ে বৃদ্ধ আব্দুল বারী (৮০) এখন পঙ্গু জীবনযাপন করছেন। তার ছেলে বজলুর রহমানেরও দু'টি পা অকেজো হয়ে যায় দুর্বৃত্তের হাতুড়িপেটায়।
শনিবার যশোরের চৌগাছা উপজেলার ভাদড়া গ্রামের বজলুর রহমান তাদের পরিবারের উপর নির্যাতনের বিবরণ দিতে গিয়ে এসব কথা জানান।
২০০১ সালের সংসদ নির্বাচনের পর চারদলীয় জোট সমর্থকদের নির্যাতনের ঘটনা তদন্তে সাবেক জেলা ও দায়রা জজ মুহম্মদ শাহাবুদ্দিনকে চেয়ারম্যান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
শনিবার বেলা আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত কমিটি যশোর সার্কিট হাউজে দু'শতাধিক ব্যক্তির লিখিত অভিযোগ গ্রহণ করে।
সহিংস ঘটনার বর্ণনা দিতে গিয়ে এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন।
ওইদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে ভাদড়া গ্রামের বজলুর রহমান বলেন, স্থানীয় ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম শান্তির নির্দেশে দুর্বৃত্তরা তাদের বাড়িতে অগ্নিসংযোগ করে। হাতুড়ি দিয়ে পিটিয়ে তার ও তার বাবা আব্দুল বারীর (৮০) হাত-পা ভেঙে দেয়। এরপর আব্দুল বারীর দু'টি পা কেটে ফেলতে হয়। সেই থেকে তারা দু'জন পঙ্গু জীবনযাপন করছেন।
বাঘারপাড়া উপজেলার দৌলতপুর গ্রামের নিয়ামত মোল্লা জানান, নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা মশিয়ার রহমান লোকজন নিয়ে তাকে প্রচণ্ড মারধর করে। হাত ও পায়ের প্রতিটি নখ প্লায়ার্স দিয়ে টেনে তুলে নেয়।
একই উপজেলার ছিলুমপুর গ্রামের নওশের শেখের (৬৫) হাত-পা ভেঙে দিয়েছে জোট সমর্থকরা।
চৌগাছা উপজেলার সুকপুকুরিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামান হোসেন জানান, নির্বাচনের ১৬ দিন পর স্থানীয় বিএনপি নেতা রওশন আলীর নেতৃত্বে দুর্বৃত্তরা তাকে মাঠের মধ্যে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে দু'টি পা গুড়িয়ে দিয়েছে। তিনি এখন পঙ্গু জীবনযাপন করছেন।
কমিশনের সদস্য সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মনোয়ার হোসেন আকন্দ জানান, তারা বিকাল সাড়ে ৫টা পর্যন্ত দু'শতাধিক ক্ষতিগ্রস্ত ব্যক্তির সঙ্গে কথা বলেছেন। তাদের অভিযোগ গ্রহণ করেছেন।
তিনি জানান, দু'শতাধিক ব্যক্তি তাদের লিখিত অভিযোগে বাড়ি ভাংচুর, নারী নির্যাতন, অগ্নিসংযোগ, সম্পদ লুটসহ সহিংস ঘটনার বর্ণনা দিয়েছেন।
কমিশনের চেয়ারম্যান সাবেক জেলা ও দায়রা জজ মুহম্মদ শাহাবুদ্দিন জানান, তদন্তে যে স্বাক্ষ্য-প্রমাণ ও অভিযোগ পাওয়া গেছে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দাখিলের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ইতোমধ্যে বরিশালসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১২টি জেলায় তদন্ত কার্যাক্রম সম্পন্ন করেছেন তারা।
রোববার তারা ঝিনাইদহ ও রাজবাড়ি জেলায় তদন্ত কাজ চালাবেন বলে জানান।
আগামী সেপ্টেম্বরে তদন্ত কমিটি তাদের রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দাখিল করবে বলেও কমিশন প্রধান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩০ ঘ.
bdnews24