২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শ্রমিক নেতা মন্টু ঘোষ গ্রেপ্তার ?

পোশাক শ্রমিক নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষকে নারায়ণগঞ্জের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে তার পরিবারের সদস্যরা দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2010, 11:58 AM

Updated : 25 Aug 2022, 05:16 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক শ্রমিক নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষকে নারায়ণগঞ্জের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে তার পরিবারের সদস্যরা দাবি করেছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সমর্থিত গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা, সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা ও দলের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মন্টু ঘোষের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দিবাগত রাত পৌনে ৩ টার দিকে সাদা পোষাকে অস্ত্রধারী লোকজন ঢাকা ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে নারায়ণগঞ্জ শহরের পালপাড়ার বাসা থেকে মন্টুকে গ্রেপ্তার করে নিয়ে যায়। শনিবার গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের এক বিবৃতিতে বলা হয়, পুলিশ মন্টু ঘোষকে ঢাকায় নিয়ে এসেছে বলে জানা গেছে। নারায়ণগঞ্জ পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কিছু জানে না বলে জানায়। মন্টু ঘোষকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার জন্য বিবৃতিতে দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। এদিকে মন্টু ঘোষকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং ন্যূনতম মজুরি ৫ হাজার টাকা করার দাবিতে শনিবার বেলা ১১টার দিকে পোশাক শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক (সংযোগ) রোড ফতুল্লার শিবু মার্কেট এলাকায় অবরোধ করে। তারা বেলা ১২ টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার বলেছেন, "ফতুল্লার কাঠেরপুল, সস্তাপুর, শিবু মার্কেট, কুতুবপুর পোষ্ট অফিস রোড এলাকার বিভিন্ন পোশাক কারখানার ১০/১২ হাজার শ্রমিক কাজ বন্ধ করে দিয়ে রাস্তায় নেমে আসে।" দুপুর ১২টার দিকে বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান শ্রমিকদের দাবির বিষয়টি বিবেচনার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭৪৯ ঘ.