২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বোমা বিস্ফোরণে আহত ভাই-বোন

জেলা শহরের পুরাতন কসবা কদমতলা মোড়ে শুক্রবার কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে আহত হয়েছে দুই শিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 02:23 PM

Updated : 25 Aug 2022, 05:12 PM

যশোর, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের পুরাতন কসবা কদমতলা মোড়ে শুক্রবার কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে আহত হয়েছে দুই শিশু। এরা হলো- ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে অনিক (১২) ও মেয়ে সুমাইয়া (৭)। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, সকালে অনিক ও তার বোন সুমাইয়া কদমতলা মোড়ে খেলা করছিল। এ সময় রাস্তার পাশে ঝোপের মধ্যে একটা ছোট হাতবোমা কুড়িয়ে পায় অনিক। হাতে নিয়ে নাড়াচাড়া করার এক পর্যায়ে বিকট শব্দে তা অনিকের হাতে বিস্ফোরিত হয়। এতে অনিক ও সুমাইয়ার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। বোমাটি কে বা কারা ওখানে রেখেছে তা জানাতে পারেননি ওই পুলিশ কর্মকর্তা। এ ব্যাপারে কোনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৭ ঘ.