২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাল চুরি: মংলা বন্দরের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

২০০৩ সালে মংলা বন্দর থেকে খোয়া যাওয়া প্রায় ৪০০ মেট্রিক টন চালের ঘাটতির জন্য দায়ী বন্দরের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2010, 06:41 PM

Updated : 25 Aug 2022, 05:07 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৩ সালে মংলা বন্দর থেকে খোয়া যাওয়া প্রায় ৪০০ মেট্রিক টন চালের ঘাটতির জন্য দায়ী বন্দরের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেইসঙ্গে ওই ঘাটতি চালের ক্রয়মূল্য, সুদ ও ক্ষতিপূরণ বাবদ প্রায় ৩৫ লাখ টাকা ওই পাঁচজনের কাছ থেকে আদায় করা হবে। নৌ- পরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে বৃহস্পতিবার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দোষী পাঁচ কর্মকর্তা হলেন, মংলা বন্দরের সহকারী ট্রাফিক ব্যবস্থাপক কাজী আবদুস সালাম, ট্রাফিক কর্মকর্তা সৈয়দ শাহজাহান আলী, সহকারী ট্রাফিক কর্মকর্তা এম সুলতান আহমেদ, ট্রাফিক পরিদর্শক (শেড ইনচার্জ) মনিরুল ইসলাম ভূঁইয়া ও ট্রাফিক পরিদর্শক আবু জাফর। এদের মধ্যে আবু জাফরকে মিথ্যা তথ্য দেওয়ার দায়ে অভিযুক্ত করা হয়েছে। অন্যদের ঘটনার সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত করেছে তদন্ত কমিটি। আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এমএম হোসেন অ্যান্ড কোং-এর দাবি অনুযায়ী, খোয়া যাওয়া চালের মূল্য ধরা হয়েছে ২৩ লাখ ৫৯ হাজার ২৯৯ টাকা। যা ক্ষতিপূরণ ও সুদসহ মোট ৩৫ লাখ টাকায় দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বৈঠকের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কেউ কোনো মন্তব্য করতে রাজী হননি। তবে নৌ-মন্ত্রী শাজাহান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার সত্যতা স্বীকার করেন। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সরকার মংলা বন্দর দিয়ে আমদানি করা এ চাল চুরির সঙ্গে জড়িত পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, মেসার্স এমএম হোসেন অ্যান্ড কোং ওই বন্দরের মাধ্যমে ২০০৩ সালে এক হাজার ১০০ মেট্রিক টন চাল আমদানি করে। এরমধ্যে ৩৯৮ দশমিক ০৮০ মেট্রিক টন চাল বন্দরের ৭ নম্বর সেডের গুদাম থেকেই খোয়া যায়। বাকী চাল আমদানিকারক প্রতিষ্ঠানকে সরবরাহ করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে একটি এবং পরবর্তীতে আরো একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু দু'টি কমিটিই তদন্তের কোন প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেয়নি। আমদানিকারক প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে ২০০৮ সালের ৭ ডিসেম্বর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার আরো একটি কমিটি গঠন করে। স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম-সচিব) ইরতিজা আহমেদ চৌধুরীর নেতৃত্বে গঠিত এই কমিটি মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন জমা দেয়। এতে ওই ৩৯৮ দশমিক ০৮০ মেট্রিক টন চাল চুরির জন্য বন্দরের চারজন কর্মকর্তাকে দায়ী করা হয়। অন্য একজনকে দায়ী করা হয়েছে তদন্ত কমিটিসহ সংশ্লিষ্টদের মিথ্যা তথ্য দেওয়ার জন্য। ক্ষতিপূরণের অর্থ পরিশোধ প্রসঙ্গে জানতে চাইলে শাজাহান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ টাকা বন্দর দেবে না। যারা চুরির সঙ্গে জড়িত তারাই দেবে। এ ব্যাপারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্ষতিপূরণ, সুদ ও চালের মূল্য আদায়ে মংলা বন্দর কর্তৃপক্ষকে তিন মাস সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যেই তারা ব্যবস্থা নেবে। এছাড়া তারা এ পাঁচজনের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ আইনগত ব্যবস্থা নেবে বলে মন্ত্রী জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২৩৪০ ঘ.