গাইবান্ধা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধায় অপহরণের পর এক শিশুকে হত্যার ঘটনায় খুনীদের ফাঁসি চেয়ে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ি সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, রাজনৈতিক ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।
মানববন্ধন শেষে ১৫ মিনিট সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ মানুষ।
মঙ্গলবার দিবাগত রাতে গাইবান্ধা সদর উপজেলার খামার পীরগাছা গ্রাম থেকে তাসিন (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। সে লক্ষ্মীপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
সকালে তাকে নানা বাড়ি খামার পীরগাছা থেকে অপহরণ করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- তুলসীঘাট শামছুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল হক, অ্যাডভোকেট সুলতান আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাওছুল আযম, তুলসীঘাট রেবেকা হাবীব উচচ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, কাশিনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমেদ রঞ্জন পাল প্রমুখ।
সমাবেশ থেকে আগামী ১ আগস্ট জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০০০ ঘ.
bdnews24