২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী ফল: ডিসিসিতে নতুন প্রযুক্তি ব্যবহারের চিন্তা

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) আসন্ন নির্বাচনে ভোটের ফল দ্রুত ঘোষণা করতে নতুন স্ক্যান ইমেজ প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2010, 03:53 AM

Updated : 25 Aug 2022, 05:11 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) আসন্ন নির্বাচনে ভোটের ফল দ্রুত ঘোষণা করতে নতুন স্ক্যান ইমেজ প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। অপটিক্যাল কারেকটর রিকগনিশন (ওসিআর) সফটওয়্যার ব্যবহার করে ফলাফল সংগ্রহ করা হলে রাত ১২টার মধ্যে মেয়র পদের চূড়ান্ত ফলাফল ঘোষণা সম্ভব হবে। নির্বাচনের ফল দ্রুত ঘোষণার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনস্টিটিউট (আইআইসিটি) নতুন এই পদ্ধতি নিয়ে কাজ করছে। পদ্ধতিটির মূল অংশটি হলো কেন্দ্র থেকে পূরণকৃত ফলাফল বিবরণীটি স্ক্যান করা ও এই স্ক্যান ইমেজ থেকে একটি সফট্ওয়্যারের মাধ্যমে কেন্দ্রের নম্বর ও প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা স্বয়ংক্রিয় ও নির্ভুলভাবে পড়ে ফেলা। এজন্য প্রিসাইডিং অফিসার নির্ধারিত ফরমে প্রার্থীদের প্রাপ্ত ভোট কলম দিয়ে এবং ফরমের অপর দুইটি কলামে নিউম্যারিক স্ট্যাম্প ব্যবহার করে ভোটার সংখ্যা লিপিবদ্ধ করবেন। আইআইসিটির পরিচালক অধ্যাপক এস এম লুৎফুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন এ পদ্ধতিতে কেন্দ্রীয়ভাবে ঢাকার ৯০টি ওয়ার্ডের ফলাফল সংগ্রহে অন্তত ১৫টি জোনাল স্টেশন রাখা হবে। আঞ্চলিক ফলাফল কেন্দ্রে একটি হার্ডওয়্যার সেট-আপ থাকবে। হার্ডওয়্যার সেট-আপের মধ্যে একটি ল্যাপটপ, একটি সাধারণ স্ক্যানার, একটি ছোট সাইজের প্রিন্টার ও একটি ব্যাটারি রাখা থাকবে। ফলাফল বিবরণী থেকে আহরিত ডাটাগুলো ফরমের স্ক্যান ইমেজসহ ল্যাপটপ-এর সঙ্গে সংযুক্ত দুটি মডেমের মাধ্যমে কেন্দ্রীয় ফলাফল প্রকাশের স্থলে পাঠিয়ে দেওয়া হবে। তিনি জানান, কেন্দ্রের ফলাফল গণনা শেষ হতে সর্বোচ্চ রাত ৮টা হতে পারে। "নিখুঁত ও দ্রুত এ পদ্ধতি ব্যবহার করে ভোট গণনা শেষের তিন-চার ঘণ্টার মধ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা যাবে", বলেন অধ্যাপক কবির। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নতুন এ পদ্ধতি ইসি বৈঠকে উপস্থাপন করবে আইআইসিটি। কমিশন সভায় পরবর্তীতে পর্যালোচনা করে নতুন প্রযুক্তি ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।" দেশে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোাটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ই-ভোটিং চালুর পর ফলাফল দ্রুত ঘোষণায়ও এমন উদ্যোগ নিতে যাচ্ছে। ইতোমধ্যে নতুন পদ্ধতিটি নির্বাচন কমিশন সচিবালয়ে উপস্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার কমিশন বৈঠকে তা উপস্থাপনের কথা রয়েছে বুয়েটের প্রতিনিধিদলের। তৎকালীন নির্বাচন কমিশন সচিব (বর্তমানে স্বাস্থ্যসচিব) মুহম্মদ হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রচলিত পদ্ধতিতে সবকটি কেন্দ্রের ভোটের তথ্য সংগ্রহ করে ফলাফল ঘোষণা করতে গেলে দীর্ঘসূত্রতার অবকাশ থাকে। ভোট শেষে গণনায়ও সময় লাগে বেশি। এরপরও নানা আনুষ্ঠানিকতা শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফল এনে তা যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ঘোষণা করতে হয়। সর্বশেষ চট্টগ্রাম সিটি করপোরেশনেও কিছুটা বিপত্তি ঘটেছে। ৪টায় ভোট শেষ হলেও ২০ ঘণ্টা পর রিটার্নিং কর্মকর্তা মেয়র পদের চূড়ান্ত ফল ঘোষণা করতে পেরেছেন। নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব হলে সহিংস ঘটনাসহ নানা ধরনের ঝামেলার সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। ইসি কর্মকর্তারা জানান, প্রচলিত পদ্ধতিতে ভোট গ্রহণ শেষ হওয়ার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা নির্বাচনী এজেন্ট ও পোলিং এজেন্টদের সামনে ভোট গণনা করেন প্রিসাইডিং কর্মকর্তা। গণনায় একটু হেরফের হলেই পুনঃগণনা হয়। এরপর প্রত্যেক প্রার্থীর বৈধ ভোটের বিবরণী প্রস্তুত করতে হয়। বাতিল ব্যালট পেপার, মুড়িপত্রসহ অব্যবহৃত ব্যালট পেপার, নষ্ট ও চিহ্ন দেওয়ার ব্যালট পেপার এজেন্টদের স্বাক্ষর নিয়ে ভিন্ন ভিন্ন প্যাকেটে রাখতে হয়। এসব হিসাবের কপি প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে হস্তান্তর করতে হয়। এর বাইরেও একটি করে কপি বিশেষ ডাকযোগে ইসিতে, একটি কপি ভোটকেন্দ্রের বাইরে টানিয়ে দিতে হয়। কোনো প্রার্থী বা এজেন্ট চাইলে তাকেও এ কপি দিতে হয়। গণনা শেষে চটের থলিতে সব প্যাকেট, দলিল সিলগালা করে পুলিশ প্রহরায় রিটার্নিং কর্মকর্তার কাছে তা হস্তান্তর করতে হয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সবকিছু বুঝিয়ে দিতেও ব্যয় হয় বেশ সময়। আইআইসিটির পরিচালক অধ্যাপক কবীর জানান, কাছাকাছি কয়েকটি কেন্দ্রের জন্য আঞ্চলিক ফলাফল একীভূত কেন্দ্র থাকবে। সেখানে আশপাশের সব কেন্দ্র থেকে ফলাফল নির্বাচন কর্মকর্তারা যে কোনো পরিবহনে করে পুলিশ পাহারায় নিয়ে আসবেন। অন্যদিকে প্রিসাইডিং অফিসার তাদের মালামাল ও ফলাফলের একাধিক কপি নিয়ে আগের মতো সরাসরি কেন্দ্রীয় ফলাফল কেন্দ্রে যাবেন। এই দুই কাজ একই সঙ্গে করা হবে, তাই সময় অপচয় হবে না। ডিসিসির প্রায় সাড়ে ৩৭ লাখ ভোটারের জন্য ৯০টি ওয়ার্ডে সম্ভাব্য ভোটকেন্দ্র ধরা হয়েছে ২ হাজার ২৭টি। ইসি কর্মকর্তারা জানান, ডিসিসিতে এ উদ্যোগ প্রচলিত পদ্ধতির পাশাপাশি ব্যবহার করতে পারে ইসি। পরীক্ষামূলকভাবে সফল হলে বড় পরিসরে তা ব্যবহারের কথা ভাববে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/ডিডি/এইচএ/০৯৪৮ ঘ.