২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একইস্থানে ছাত্রলীগ-বিএনপি সভা ডাকায় উত্তেজনা

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে আগামী শুক্রবার একইস্থানে একই সময়ে স্থানীয় ছাত্রলীগ ও বিএনপি সভা ডেকেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2010, 04:48 PM

Updated : 25 Aug 2022, 05:04 PM

নারায়ণগঞ্জ, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে আগামী শুক্রবার একইস্থানে একই সময়ে স্থানীয় ছাত্রলীগ ও বিএনপি সভা ডেকেছে। এ নিয়ে দু'পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোন কাজ কাউকে করতে দেওয়া হবে না। শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী বালুর মাঠে সাব্বির আলম খন্দকার স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণী ও আলোচনা সভা আয়োজন করেছে স্থানীয় বিএনপি'র একটি পক্ষ। স্থানীয় বিএনপি নেতারা জানান, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই সভায় প্রধান অতিথি হিসাবে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার উপস্থিত থাকার কথা রয়েছে। এ ব্যাপারে জেলা বিএনপি'র সভাপতি তৈমুর আলম খন্দকার সাংবাদিকদের বলেন, তিনি এক মাস আগে অনুষ্ঠানে থাকার জন্য সময় দিয়েছেন। এখন যদি ছাত্রলীগ সেখানে সভা আহ্বান করে থাকে তাহলে তাদের কি করার আছে। এ নিয়ে কোনো ধরনের বিরোধে না যেতে স্থানীয় নেতাকর্মীদের বলে দিয়েছেন বলে তিনি জানান। এদিকে একইস্থানে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আলোচনা সভা আহ্বান করে বুধবার বিকালে মাইকিং করে নারায়ণগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড শাখা ছাত্রলীগ। ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আমির হোসেন জানান, যুদ্ধাপরাধীদের বিচারের দাবি এখন সময়ের চাওয়া। তারা আগেই সেখানে সভা আহ্বান করেছেন। একইস্থানে বিএনপি সভা ডাকায় এটাই প্রমাণ করে তারা যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে চাচ্ছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি এস এম বদরুল আলম বলেন, সভা করার বিষয়টি কেউই পুলিশকে জানায়নি। তবে খোঁজ খবর নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৩ ঘ.