লালমনিরহাট, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রাহকরা।
এর আগে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দেয়।
কালীগঞ্জ উপজেলা সদরের তুষভাণ্ডার বাজার এলাকায় স্থানীয় গ্রাহকরা বুধবার সকাল ৮টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে। তারা গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
দুপুর ২টা পর্যন্ত এই অবরোধের কারণে মহাসড়কের উভয়পাশে শতাধিক যান আটকা পড়ে।
এলাকাবাসীর অভিযোগ, গত ১৮ জুলাই বিকাল থেকে কালীগঞ্জ উপজেলার বেশ কয়েকটি ট্রান্সফরমার বিকল হয়ে যায়।
তুষভাণ্ডার বণিক সমিতির নেতারা চাঁদা তুলে লালমনিরহাট বিদ্যুৎ কার্যালয়ের প্রকৌশলীকে ১০ হাজার টাকা দেওয়ার পর গত বৃহস্পতিবার ১০০ কেভির ২টি ট্রান্সফরমার স্থাপন করা হয়।
কিন্তু সংযোগ দেওয়ার দুই ঘণ্টা পর আবার একটি ট্রান্সফরমার বিকল হয়ে যায়। মঙ্গলবার রাত পর্যন্ত এলাকায় বিদ্যুৎ না থাকায় স্থানীয়রা বিক্ষোভ করে এবং ইউএনওকে স্মারকলিপি দেয়।
তুষভাণ্ডার বণিক সমিতির সভাপতি আব্দুল হাদি জুয়েল সাংবাদিকদের জানান, ১১ দিন ধরে বিদ্যুৎ নাই। এতে এলাকার লোকজন দুর্ভোগের মধ্যে আছে।
তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ বিভাগের লোকজন সবকিছু জানার পরও অজ্ঞাত কারণে সমস্যার সমাধান করতে এগিয়ে আসছেন না।
লালমনিরহাট বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী রজব আলী জানান, জনবল সংকটের কারণে ট্রান্সফরমার লাগানোর কাজে দেরি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে তিনি আশ্বাস দেন।
তবে ১০ হাজার টাকা নেওয়ার বিষয়টি জানেন না বলে দাবি করেন তিনি।
কালীগঞ্জের ইউএনও এ জে এম এরশাদ আহসান হাবিব জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ট্রান্সফরমার স্থাপনসহ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৮ ঘ.
bdnews24