২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শবে বরাত পালিত

বিশ্বের অন্যান্য দেশের মতো মঙ্গলবার রাতে বাংলাদেশের মুসলমানরাও ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালন করেছেন। রাতভর নফল নামাজ, জিকির, মিলাদ মাহফিল ও কবর জিয়ারতের মাধ্যমে সৃষ্টিকর্তার সাহায্য চেয়েছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2010, 05:02 AM

Updated : 25 Aug 2022, 05:06 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের অন্যান্য দেশের মতো মঙ্গলবার রাতে বাংলাদেশের মুসলমানরাও ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালন করেছেন। রাতভর নফল নামাজ, জিকির, মিলাদ মাহফিল ও কবর জিয়ারতের মাধ্যমে সৃষ্টিকর্তার সাহায্য চেয়েছেন তারা। শবে বরাতের এই রাত মুসলমানদের কাছে মহিমান্বিত রাত বা ভাগ্যরজনী হিসেবে পরিচিত। এ উপলক্ষে মঙ্গলবার রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া হয়েছে। অনেকে সারারাত নফল নামাজ, জিকির, কোরআন তেলোয়াত ও কবর জিয়ারত করে বুধবার ফজর নামাজের পর মোনাজাতের মধ্যমে শেষ করেন মহিমান্বিত এই রাতের প্রার্থনা। শবে বরাত উপলক্ষে বুধবার সরকারি অফিস, আদালত, বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া বুধবার কোনো সংবাদপত্র প্রকাশ হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া পৃথক পৃথক বাণীতে মুসলিম উম্মাকে অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন। সবে বরাত উপলক্ষে মঙ্গলবার বাসা-বাড়িতে তৈরি হয় রুটি-হালুয়ার বিশেষ খাবার। মঙ্গলবার মাগরিবের নামাজের পর রাজধানীর মসজিদে মসজিদে নানা বয়সী মুসল্লির উপস্থিতি বাড়তে দেখা যায়। হাইকোর্টের মাজার এবং আজিমপুর ও বনানী গোরস্তানসহ রাজধানীর বিভিন্ন কবরাস্থানে মানুষের ঢল ছিলো গভীর রাত পর্যন্ত। প্রার্থনার জন্য জাতীয় মসজিদে আসা বেলায়েত হোসেন ও হাইকোর্ট মাজার মসজিদে আসা সেলিম ভূইয়া জানান, তারা এ রাতটির গুরুত্ব অনুধাবন করে ইবাদত করতে মসজিদে এসেছেন। ফজর নামাজ শেষে ভোরে বাসায় ফিরবেন। আজিমপুর কবরস্থানে মায়ের কবর জিয়ারত করতে এসেছিলেন মমিন উল্লাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "শুনেছি- এই রাতে আল্লাহ ভাগ্য নির্ধারণ করবেন। তাই মায়ের কবরে এসেছি, তার দোয়া নিতে।" শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা, আরামবাগ বাবে রহমত ও গুলশানে গাউছুল আজম কমপ্লেক্সে ওয়াজ মাহফিল হয়। এছাড়া বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা, মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/