২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

নৈশ প্রহরীদের হাতে এক সহকর্মী আহত হওয়ার জের ধরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি চা বাগানের শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2010, 04:04 PM

Updated : 25 Aug 2022, 05:00 PM

মৌলভীবাজার, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৈশ প্রহরীদের হাতে এক সহকর্মী আহত হওয়ার জের ধরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি চা বাগানের শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে জেমস ফিনলে টি কোম্পানির আমরাইল চা বাগানের সাতশ' শ্রমিক প্রহরীদের প্রত্যাহারের দাবি জানিয়ে কর্মবিরতি শুরু করে। দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। কর্মবিরতির খবরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব ঘটনাস্থলে যান। তিনি জানান, চা বাগানের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমস্যা নিরসনে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।" শ্রীমঙ্গল থানার ওসি মো. আবদুল্লাহ জানান, "বাগান কর্তৃপক্ষ বিষয়টি থানাকে জানায়নি। তারা সহযোগিতা চাইলে অবশ্যই আইনগত পদক্ষেপ নেওয়া হবে।" চা বাগানের আমরাইল ডিভিশনের উপমহাব্যবস্থাপক মঈনুল ইসলাম মামুন জানান, সোমবার বাগানের প্রহরীরা চুরি করা রাবার কষসহ এক শ্রমিককে আটকের সময় ধস্তাধস্তিতে তিনি আহত হয়। মঙ্গলবার এ খবর জানাজানি হলে সকাল থেকে শ্রমিকরা কর্মবিরতি শুরু করে বলে জানান তিনি। তিনি জানান, বিকাল ৫ টার দিকে রাবার বাগানের গাছ থেকে 'লেটেক্স' কষ চুরির সময় দায়িত্বে থাকা মাহবুব হোসেন ও লেবাস মিয়াসহ চার প্রহরী আট-দশ কেজি কষসহ চা বাগানের শ্রমিক শংকর বোনাজকে আটক করে। এ সময় তিনি ধারালো অস্ত্র দিয়ে প্রহরীদের আঘাত করার চেষ্টা করেন। তবে ধস্তাধস্তির সময় শংকরও কিছুটা আহত হন। তবে তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। মামুন জানান, শংকরকে প্রথমে চা বাগানের চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়। পরে তাকে কালিঘাট চা বাগানের হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি বলেন, বাগানের নিবন্ধিত শ্রমিক নয় শংকর। তার নেতৃত্বে গত সপ্তাহেও একদল চোর একই স্থানে রাবার কষ চুরি করতে যায়। ওইদিনও তিনি প্রহরীদের দা দিয়ে কোপানোর চেষ্টা করেন। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান তিনি। তবে এসব অভিযোগ অস্বীকার করে আমরাইল চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি পরিমল দাস জানান, প্রহরীরাই সবসময় রাবার কষ চুরি করে। চুরি ধরতে গিয়ে উল্টো মার খেয়েছে শংকর। তিনি বলেন, ওই চার প্রহরীকে প্রত্যাহার না করা পর্যন্ত শ্রমিকরা কাজে যোগ দেবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২২০১ ঘ.