ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসন ও পুলিশের মধ্যে সৃষ্ট 'দ্বন্দ্বের' ফলে সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়ন হোঁচট খেতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম।
তবে তা এ কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করবে না বলে মনে করেন তিনি।
তিনদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনে ১৯তম অধিবেশন শেষে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
এইচটি ইমাম বলেন, সরকারের নীতি হচ্ছে প্রশাসন, পুলিশ, চিকিৎসকসহ সবাইকে নিয়ে কাজ করা। এ জন্য সরকার চেষ্টা চালিয়ে যাবে।
জেলা প্রশাসক সম্মেলনের একটি প্রস্তাবনাকে কেন্দ্র করে পুলিশ সদরদপ্তরে 'ইউনিফর্ম-পরা' অবস্থায় সংবাদ সম্মেলন করাকে তিনি 'অনভিপ্রেত' বলে আখ্যায়িত করেন।
উপদেষ্টা বলেন, এতে বাইরের উস্কানিমূলক কোনো তৎপরতাও থাকতে পারে। সরকার এ বিষয়টিও খতিয়ে দেখছে। কোন প্রকার উস্কানির তথ্য পাওয়া গেলে, সরকার সে বিষয়েও ব্যবস্থা নেবে।
এ বিরোধ নিষ্পত্তির উপায় প্রসঙ্গে এইচটি ইমাম বলেন, সবকিছুই নির্ভর করছে সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। কারণ সব কিছুর ওপরেই রয়েছে রাজনৈতিক নেতৃত্ব। রাজনৈতিকভাবেই সরকার এ সমস্যার সমাধান করবে।
তিনি জানান, ২০টি কার্য-অধিবেশনের মাধ্যমে ৩৮টি মন্ত্রণালয় ও বিভাগের কর্মকাণ্ডের বিষয়ে জেলা প্রশাসকদের দিক-নির্দেশনা দেওয়া হয়।
যেসব বিষয়ে মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা ডিসিদের নির্দেশনা দেন তার মধ্যে রয়েছে পাঠ্যপুস্তক বিতরণ, ছাত্রীদের নিরাপদে বিদ্যালয় গমন, উপবৃত্তির অর্থ বিতরণ, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা, জঙ্গি তৎপরতা রোধ, পূর্ব সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, পরিবেশ আইন প্রয়োগ, চর ভূমির ব্যবস্থাপনা, সরকারি সম্পদের অবৈধ দখলমুক্ত করা এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি নিশ্চিত।
এছাড়াও তথ্য অধিকার আইন ও বিধিমালা প্রয়োগ, চলচ্চিত্রের পাইরেসি রোধে টাস্কফোর্সের কার্যক্রম নেওয়া, সিনেমাটোগ্রাফ আইন কার্যকর করা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও শক্তিশালী করা, প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রম ও কৃষি উৎপাদন, বেআইনি ও ফিটনেস ছাড়া যানবাহন চলাচল বন্ধ এবং ভেজাল ও মাদকের বিস্তার রোধের বিষয়েও তাদের দিক-নির্দেশনা দেওয়া হয়।
উপদেষ্টা জানান, আদালতের মামলা জট কমাতে বিকল্প নিষ্পত্তির ব্যবস্থা নিতেও ডিসিদের নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে সরকারের স্বার্থ সংশ্লিষ্ট মামলা সম্পর্কে জানতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হবে বলেও তাদের জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ, সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/এইচএ/২১৫৮ ঘ.
bdnews24