ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ আমদানির লক্ষ্যে ভারতের সঙ্গে ৩৫ বছর মেয়াদী একটি চুক্তি সই করেছে বাংলাদেশ।
প্রাথমিক পর্যায়ে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। ২০১২ সালে সরবরাহ শুরু করবে হবে আশা করা হচ্ছে।
এ বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়া দিল্লি সফরকালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিঙের এর সঙ্গে এ ব্যাপারে একটি সমঝোতা স্মারক সই করেন।
সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের (পিজিসিআ) মধ্যে বিদ্যুৎ আমদানির এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
পিডিবি'র সচিব আজিজুল ইসলাম ও পিজিসিআই'র নির্বাহী পরিচালক অরুণ কুমার নিজ নিজ সরকারের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি অনুসারে ভারতের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কিনবে বাংলাদেশ। আর এ বিদ্যুৎ আমদানি করা হবে পিজিসিআই'র আঞ্চলিক ট্রান্সমিশন ব্যবস্থার মাধ্যমে।
৪০০ কেভি সুইচিং কেন্দ্র ও একটি ৪০০ কেভি একটি মাত্র সার্কিট লাইনের মাধ্যমে এ বিদ্যুৎ সরবরাহ করা হবে।
ভারতের বহরমপুর থেকে বাংলাদেশের ভেড়ামারা পর্যন্ত একটি ৪০০ কেভি ডাবল সার্কিট লাইনও স্থাপন করবে পিজিসিআই।
ভারতের কেন্দ্রীয় ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন বিদ্যুৎ আমদানির শর্ত ও শুল্ক নির্ধারণ করবে।
পিডিবি'র এক বিবৃতিতে জানানো হয়, মাঝে মাঝে শুল্কহার পরিবর্তন করার বিধান আছে চুক্তিতে।
আমদানি করা বিদ্যুতের বিল পাঠানোর দেড় মাসের মধ্যে বাংলাদেশকে তা পরিশোধ করতে হবে।
বিল পরিশোধে অতিরিক্ত আরো দুই মাস সময় দেওয়া হবে। এর মধ্যেও যদি পরিশোধ করা না হয় তবে পাওনার ওপর সুদ আরোপ করবে ভারত।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ, জ্বালানি সচিব মেজবাহ উদ্দিন ও ভারতের ডেপুটি হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএম/জেবি/এমএসবি/২৩০৩ ঘ.
bdnews24