২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিদের বক্তব্যে পুলিশে ক্ষোভ

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে পুলিশ নিয়ে নেতিবাচক বক্তব্য দেওয়ায় পুলিশ বাহিনীতে ক্ষোভ দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 04:59 PM

Updated : 25 Aug 2022, 04:54 PM

ঢাকা, ২৬ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে পুলিশ নিয়ে নেতিবাচক বক্তব্য দেওয়ায় পুলিশ বাহিনীতে ক্ষোভ দেখা দিয়েছে। এ নিয়ে আনুষ্ঠানিক ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছে পুলিশ সার্ভিস এসোসিয়েশন। সোমবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত এসোসিয়েশনের এক সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিযা জানিয়ে পুলিশ সুপারদের (এসপি) অধীনে ম্যাজিস্ট্রেট নিয়োগেরও দাবি জানানো হয়। একই সঙ্গে ডিসি সম্মেলনে পুলিশ নিয়ে নেতিবাচক মন্তব্য দেশের বর্তমান পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা কিনা তাও খতিয়ে দেখার দাবি জানান হয়েছে। রোববার সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন ডিসিরা। তারা প্রশাসনিক পুলিশ গঠন, মাদক ব্যবসায় পুলিশের সংশ্রব, জেলা আইনশৃংখলা সভায় র‌্যাবের প্রতিনিধিত্ব রাখা, পুলিশকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা চাওয়াসহ বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকেও ডিসিরা পুলিশ সম্পর্কে নানা মন্তব্য করেন। এসব বক্তব্য সোমবার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর পুলিশ সার্ভিস এসোসিয়েশন নিজেদের মধ্যে বৈঠক করে। পরে বিকালে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাদের বক্তব্য তুলে ধরে। সংবাদ সম্মেলনে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জেলা পুলিশ সুপারের অধীনে মাজিস্ট্রেট নিয়োগের দাবি জানানো হয়। এসোসিয়েশন নেতারা মহানগর এলাকার মতো জেলা পর্যায়েও নিজেদের ম্যাজিস্ট্রেসী ক্ষমতা চান। সাংবাদ সম্মেলনে বলা হয়, জেলা প্রশাসকদের সম্মেলনে পুলিশ নিয়ে নেতিবাচক বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাহিনীর সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ বাহিনীর সদস্যদের সম্পর্কে সেখানে যা বলা হয়েছে, তাতে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা এ নিয়ে তাদের কর্মকর্তাদের কাছে ক্ষোভের কথা জানিয়েছেন। সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদ, অতিরিক্ত মহাপরিদর্শক নববিক্রম কিশোর ত্রিপুরা, র‌্যাবের মহাপরিচালক ও পুলিশ এসোসিয়েশনের সভাপতি হাসান মাহমুদ খন্দকার, এসবির অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি, ঢাকা মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহফুজুল হক নুরুজ্জামানসহ সদরদপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি হাসান মাহমুদ খন্দকার বলেন, "জেলা প্রশাসকদের এ ধরনের মন্তব্যে ভুল বোঝাবুঝির যথেষ্ট অবকাশ আছে।" তিনি বলেন, "এটা সম্মেলনের বক্তব্যের কোনো প্রতিবাদ নয়, সংবাদ সম্মেলনের মাধ্যমে ডিসিদের বক্তব্যের ব্যাপারে পুলিশ এসোসিয়েশনের প্রতিক্রিয়া জানানো হলো মাত্র।" এসোসিয়েশেনর সাধারণ সম্পাদক মাহফুজুল হক নুরুজ্জামান বলেন, "জেলা প্রশাসকদের সম্মেলনে এ ধরনের মন্তব্য এক লাখ ২৪ হাজার পুলিশ সদস্যের মনে রক্ত ঝরিয়েছে। দেশে এখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, বিডিআরের মতো স্পর্শকাতর মামলার বিচার চলছে, এ ছাড়া ১০ ট্রাক, ২১ আগস্টের মতো মামলার তদন্ত চলছে। এ রকম গুরুত্বপূর্ণ সময়ে পুলিশ নিয়ে এ ধরনের নেতিবাচক মন্তব্য পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা কিনা সেটা খতিয়ে দেখা দরকার।" তিনি বলেন, "কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না তাদের সব লোক সৎ। থানায় দায়ের করা মামলার পরিসংখ্যান তুলে তিনি বলেন, ৬০ শতাংশ মামলা হয় জমি-জমা নিয়ে বিরোধের কারণে। জমি-জমার এই বিরোধের পেছনে আছে প্রশাসনের লোকজন। তাদের অনিয়মের কারণেই ৬০ শতাংশ মামলা হচ্ছে।" পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, "পুলিশ সম্পর্কে এরকম ঢালাও মন্তব্য করে বিভ্রান্তি সৃষ্টি করা অনভিপ্রেত। কারো কারো মধ্যে পরিস্থিতি ঘোলাটে করার মতো অবস্থা সৃষ্টির মনোভাব থাকতে পারে।" তিনি আরো বলেন, "পুলিশের সবাই দুর্নীতির সঙ্গে জড়িত- এরকম ঢালাও মন্তব্য করা ঠিক হয়নি। আমরা জানি কে কি করছে।" এদিকে 'ডিসি সম্মেলনে উত্থাপিত কিছু বিষয় সম্পর্কে পুলিশ সার্ভিস এসোসিয়েশনের বক্তব্য' শিরোনামে সংবাদ সম্মেলনে দুই পৃষ্ঠার বক্তব্য তুলে ধরা হয়। এতে বলা হয় জেলা পর্যায়ে আইনশৃঙ্খলায় ডিসিদের কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রয়াস গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল কাঠামোর সাথে সাংঘর্ষিক। মাঠ পর্যায়ে পুলিশের তদারকির জন্য পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে। ফলে ভীন্ন ক্যাডারের কর্মকর্তার মাঠ পর্যায়ের পুলিশের উপর তদারকির বিষয়টি অবাস্তব, অযৌক্তিক। ডিসিদের সম্মেলনে বিভাগীয় কমিশনারদের পুলিশ প্রটেকশনের দাবি করা হয়েছে। এসোসিয়েশনের বার্তায় এ প্রসঙ্গে বলা হয়েছে- এব্যাপারে সরকারি সুনির্দিষ্ট বিধিমালা রয়েছে। বিধি লঙ্ঘন করে প্রটেকশন দেওয়ার কোনো সুযোগ নেই। ডিসিদের সম্মেলনে জেলা আইনশৃঙ্খলা সভায় র‌্যাব সদস্য রাখা প্রসঙ্গে এসোসিয়েশনের বার্তায় বলা হয়েছে- এসবি, সিআইডির মতো র‌্যাবও পুলিশের একটি শাখা। যা আইজিপির নেতৃত্বে পরিচালিত হয়। জেলা পর্যায়ে আইজিপির হয়ে এসপি নেতৃত্ব দেন। এই দাবি পুলিশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের সামিল। ডিসিদের পুলিশের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা নিতান্তই ঔপনিবেশিক মানসিকতার বহি:প্রকাশ উল্লেখ করে পুলিশ সার্ভিস এসোসিয়েশনের বার্তায় বলা হয়, ক্রিমিনাল জাষ্টিস সিস্টেমে প্রত্যেক বিভাগের নিজ নিজ ভূমিকা রয়েছ্।ে দেশে বর্তমানে স্বাধীন বিচার বিভাগ রয়েছে। জেলা পর্যায়ে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আইনশৃঙখলা রক্ষায় বিচারিক দায়িত্ব পালন করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএএ/২২৪৮ঘ.