২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিমান্ড শেষে ভাগ্নে শহীদ কারাগারে

নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) বর্তমান সাংগঠনিক প্রধান ভাগ্নে শহীদ ওরফে আনোয়ার আলম খোকন ওরফে নাজমুলকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 03:31 PM

Updated : 25 Aug 2022, 04:54 PM

বগুড়া, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) বর্তমান সাংগঠনিক প্রধান ভাগ্নে শহীদ ওরফে আনোয়ার আলম খোকন ওরফে নাজমুলকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে অস্ত্র মামলায় তিন দফায় তাকে ১১ দিন জিজ্ঞাসাবা করা হলো। রোববার সন্ধ্যায় তাকে পুলিশ হেফাজতে (রিমান্ড) জিজ্ঞাসাবাদ শেষে বগুড়া মুখ্য বিচার বিভাগীয় আদালতে হাজির করা হয়। বিচারক মো. হাসানুজ্জামান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত শুক্রবার টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে জিজ্ঞাসাবাদের জন্য ভাগ্নে শহীদকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে রোববার তাকে বগুড়া আনা হয়। বগুড়া গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. লুৎফর রহমান জানান, তাকে কঠোর নিরাপত্তা ও গোপনীয়তার মধ্য দিয়ে আদালতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কারাগারে পাঠানো হয়েছে। অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত বৃহস্পতিবার আদালত ভাগ্নে শহীদকে তৃতীয় দফা হেফাজতে নেওয়ার অনুমতি দেয়। গত ১২ জুলাই সন্ধ্যায় বগুড়া-রংপুর বাইপাস সড়কের ছিলিমপুর এলাকায় ঢাকা-দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস থেকে ভাগ্নে শহীদকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। এরপর ১৪ জুলাই অস্ত্র মামলায় শহীদকে হেফাজতে নিয়ে পাঁচদিন জিজ্ঞাসাবাদ করে বগুড়া গোয়েন্দা পুলিশ। পরে ১৬ জুলাই তাকে ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে নিয়ে যাওয়া হয়। একই মামলায় গত ১৯ জুলাই তাকে আরো তিনদিন জিজ্ঞাসাবাদ করা হয়। ভাগ্নে শহীদকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী গাইবান্ধা থেকে জেএমবির আরো পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২১২৮ ঘ.