২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

নাটোরে একটি হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং অপর দুজনকে ৩৬ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 12:17 PM

Updated : 25 Aug 2022, 04:57 PM

নাটোর, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে একটি হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং অপর দুজনকে ৩৬ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ দিলীপ কুমার দেবনাথ এই আদেশ দেন। মৃত্যুদণ্ড পেয়েছেন- শৈলেশ কুমার কালু। তার বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার দিঘলকান্দি গ্রামে। কারাদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন- নাটোর সদর উপজেলার দক্ষিণ বড়গাছা মহল্লার মীর মাহবুবুর রহমান ওরফে রনিক ও সিংড়া উপজেলার বড়মাঝগ্রাম গ্রামের শহিদুল ইসলাম। এ দুজনকে ১৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দেড় বছর সশ্রম কারাদণ্ড দেয় আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি উজ্জ্বল হোসেনকে বেকসুর খালাস দেওয়া হয়। মামলার নথি থেকে জানা যায়, ২০০১ সালের ২৩ আগস্ট শহরের দক্ষিণ বড়গাছা মহল্লার চাল ব্যবসায়ী জুমাউল রব্বানী তালুকদার ওরফে স্বাধীন ব্যবসার টাকা নিয়ে আসার জন্য মীর মাহবুবুর রহমান ওরফে রনিকের ধানের চাতালের উদ্দেশ্যে রওনা দেন। সাত দিন নিখোঁজ থাকার পর পুলিশ রনিককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে স্বাধীনকে হত্যার কথা স্বীকার করেন রনিক। স্বীকারোক্তি অনুযায়ী স্বাধীনের মরদেহ রনিকের চালকলের মেঝের নিচ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের চাচা আব্দুস সালাম তালুকদার বাদি হয়ে নাটোর সদর থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে উপ-পরিদর্শক (এসআই) রওশন মোস্তফা চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। রাষ্ট্রপক্ষে সহকারি কৌশুলী আব্দুল হাই ও আসামি পক্ষে সাখাওয়াত হোসেন মামলাটি পরিচালনা করেন। বাদি আব্দুস সালাম রায়ে সন্তোষ প্রকাশ করেন। তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে আসামিদের আইনজীবী সাংবাদিকদের জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮০৯ ঘ.