সাভার, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপটে আশুলিয়ায় নাসা গ্রুপের তিনটি তৈরি পোশাক কারখানা শনিবার একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া পাশের একটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার অবস্থিত কারখানা তিনটির শ্রমিকরা শুক্রবার সাপ্তাহিক ছুটির পর শনিবার সকালে কাজ করতে এসে বন্ধের ওই নোটিশ দেখতে পান।
পুলিশ জানিয়েছে, আশুলিয়া শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নাসা গ্রুপের পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার শ্রমিকদের হামলা ও ভাংচুরে কারখানার ভেতরে ব্যাপক ক্ষতি হয়েছে। তা পরিস্কার ও মেরামতের জন্য সময় প্রয়োজন। তাই একই বিল্ডিংয়ের তিনটি কারখানা আজকের (শনিবার) জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
তিনি জানান, নাসা বেসিক, নাসা গ্লোবাল ও নাসা হাইটেকের কারখানা বন্ধের ঘোষণা দেওয়ায় পাশের নাসা এজি সুপার গামের্ন্টস লিমিটেডের প্রায় ১৫শ' শ্রমিক কাজ করবে না বলে কর্তৃপক্ষকে জানায়। এরপর সকাল ৯টার দিকে কারখানাটি ছুটি ঘোষণা করা হয়। রোববার চারটি কারখানাই খোলা থাকবে।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে আশুলিয়া শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে"
নাসা বেসিকের সাত কর্মকর্তাকে অপসারণ ও মামলা প্রত্যাহারের দাবিতে গত বুধবার শ্রমিক আন্দোলন শুরু হয়। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সেদিন নাসা গ্লোবাল ও নাসা হাইটেকের শ্রমিকরাও কর্মবিরতি পালন করে। বৃহস্পতিবার সকালে নাসা বেসিকে ভাংচুর ও কর্মকর্তাদের মারধর করে শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব-পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় শ্রমিক-পুলিশ-কারখানা কর্মকর্তাদের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়।
এরপর বৃহস্পতিবার দিবাগত রাত ১টার পর নাসা বেসিক লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) আসাদুজ্জামান বাদী হয়ে কর্মকর্তাদের মারধর ও কারখানায় ভাংচুরের অভিযোগে ৬২০ শ্রমিককে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা করেন। এছাড়া কারখানায় শ্রমিক অসন্তোষের অভিযোগে ১০৯ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করা হয়।
শ্রমিকরা জানিয়েছেন, শনিবার সকালে ৮টার দিকে তারা কারখানার মূল ফটকের সামনে এসে বন্ধের নোটিশ দেখতে পান। তাতে লেখা রয়েছে- নাসা বেসিক লিমিটেড, নাসা গ্লোবাল লিমিটেড ও নাসা হাইটেক লিমিটেড পোশাক কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারা মোতাবেক এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
নাসা বেসিক লিমিটেড কারখানার ব্যবস্থাপক আনোয়ার হোসেন, উৎপাদন ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান, রাজু, শাহ আলম, প্রশাসনিক কর্মকর্তা ইমরান, ব্যবস্থাপক (কোয়ালিটি) আপন ও কোয়ালিটি ইনচার্জ আরিফকে অপসারণ ও শ্রমিকদের বিরুদ্ধে দায়ের পূর্বের মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিকদের এ আন্দোলন।
শ্রমিকদের অভিযোগ, ওই সাত কর্মকর্তা শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করেন। তারা কখনো কখনো শ্রমিকদের নির্যাতনও করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই সাত কর্মকর্তাকে অপসারণ ও মামলা তুলে না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩৫৫ ঘ.
bdnews24