২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন-ফি বাড়ানোর পরিকল্পনার প্রতিবাদে চবিতে বিক্ষোভ

বেতন-ফি বাড়ানোর পরিকল্পনার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবন ঘেরাও করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 08:17 AM

Updated : 25 Aug 2022, 04:58 PM

চট্টগ্রাম, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন-ফি বাড়ানোর পরিকল্পনার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবন ঘেরাও করেছে সাধারণ শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে হাজারখানেক শিক্ষার্থী কলা অনুষদে প্রক্টর কার্যালয়ের সামনে মানববন্ধন করতে যায়। এসময় প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে বাধা দেওয়ায় শিক্ষার্থীরা বেলা ১২ টার দিকে বিক্ষোভ মিছিল শুরু করে। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদসহ পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপরে প্রায় তিন হাজার শিক্ষার্থী মিছিল করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। তারা দুপুর ১ টা পর্যন্ত প্রশাসনিক ভবন ঘেরাও করে রাখে। বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর চন্দন কুমার পোদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেতন-ভাতা বাড়ানোর একটি পরিকল্পনা ছিলো, তবে সেটি এখনো বাস্তবায়ন হয়নি। শিক্ষার্থীরা আগাম খবর পেয়েই আন্দোলন শুরু করেছে। তিনি জানান, ক্যাম্পাসে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/কিউএইচ/কেএমএস/১৪১২ ঘ.