ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ধিত সব ফি প্রত্যাহারের দাবিতে প্রগতিশীল ছাত্রজোট রোববার ক্যাম্পাসে এক সমাবেশের আয়োজন করে।
বর্ধিত ৮৩০ টাকা পরিবহন ফি প্রত্যাহার, ২২ বিভাগে সান্ধ্যকালীন কোর্স চালুর সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয় সমাবেশে।
ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি বিপ্লব মণ্ডল বলেন, জনগণের অর্থে পরিচালিত হওয়ার কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে জনগণের হৃদয়ের বন্ধন তৈরি হয়। এ বন্ধন শিক্ষার্থীদের জনগণের স্বার্থে সংগ্রামে অনুপ্রেরণা দেয়।
এ সংগ্রামী অনুপ্রেরণা ধ্বংস করতেই বিভিন্ন ফি বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আরো মধ্যে বক্তব্য রাখেন জোট নেতা অভিনু কিবরিয় ইসলাম, হাসান তৌফিক ইমাম, রাশেদ শাহরিয়ার প্রমুখ।
সমাবেশের আগে মধুর কেন্টিন থেকে একটি মিছিল বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২৫০ ঘ.
bdnews24