ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানকে সামনে রেখে সিন্ডিকেট চক্র বাজার অস্থিতিশীল করতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান।
তিনি বলেন, "রমজানে দ্রব্যমুল্য স্থিতিশীল রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। তারপরও বাজারের অবস্থা অস্থিতিশীল করে তুলতে কেউ কেউ চক্রান্ত করতে পারে।"
এই পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী।
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে রোববার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রিক্সা-ভ্যান শ্রমিক লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ফারুক খান এসব কথা বলেন।
বাজার স্থিতিশীল রাখতে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, "সরকার ইতিমধ্যে তেল ও চিনিসহ নিত্যপণ্যের দাম আগের তুলনায় কমিয়ে এনেছে। এখন মূল্য স্থিতিশীল রাখার চেষ্টা চলছে। টিসিবির এক হাজার আটশ' ডিলারের মাধ্যমে রোজার মাসে ন্যায্য মুল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সারাদেশে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে ফারুক খান বলেন, এই বিচার আন্তর্জাতিক মান বজায় রেখে করা হবে। এই বিচার সম্পন্ন করে বাংলাদেশ বিশ্বের কাছে উদাহরণ সৃষ্টি করবে।
তিনি আরো বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত করতে দেশের অভ্যন্তরে এবং বিদেশে যারা ওই সময়ে তাদেরকে (যুদ্ধাপরাধীদের) সমর্থন দিয়েছিল সেসব শত্র"রা নানা ষড়যন্ত্র ও ছলচাতুরি শুরু করেছে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে- এখন আর সেই দাবি করতে চাই না। দ্রুত বিচার শেষ করতে হবে।"
রিক্সা-ভ্যান শ্রমিক লীগের সভাপতি মো. আজহার আলীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তৃতা করেন শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন মাস্টার, সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২২৩৬ ঘ.
bdnews24