পাবনা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনায় গুলি করে পুলিশের তিন সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার চারজনের মধ্যে দুজনকে চারদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
রোববার পাবনার মুখ্য বিচার বিভাগীয় হাকিম সায়েদুর রহমান খান এ আদেশ দেন।
পুলিশ দুজনকে আদালতে হাজির করে ১০ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আবেদন করেছিলো।
এ দুজন হলেন- নাদের আলী প্রামাণিক (৫০) ও ওয়াজেদ আলী (৪০)।
গত মঙ্গলবার রাতে পাবনার বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের চররাজধরদিয়া গ্রামে গুলি করে ঢালারচর পুলিশ ফাঁিড়র উপ-পরিদর্শক (এসআই) কফিল উদ্দিন, নায়েক ওয়াহেদুল ইসলাম ও কনস্টেবল শফিক আহমদকে হত্যা করে দুর্বৃত্তরা।
পুলিশ বলেছে, চরমপন্থী একটি দলের অস্ত্রধারীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। চরমপন্থীদের ধরতে পাবনা পুলিশকে চিরুনি অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে বৃহস্পতিবার সুজানগর উপজেলার হাসানপুর গ্রামের নাদের প্রামাণিক ও বেড়া উপজেলার চররাজধরদিয়ার ওয়াজেদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
শনিবার গ্রেপ্তার করা হয় রাজবাড়ী সদর উপজেলার তাজু শেখ (৩০) ও তার শ্বশুর ঢালারচর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের গ্রাম্য চিকিৎসক আব্দুর রশিদ (৫০)।
এ দুজনকেও আদালতের মাধ্যমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
পাবনার পুলিশ সুপারিনটেনডেন্ট জামিল আহমেদ সাংবাদিকদের বলেন, পুলিশ হত্যা মামলায় এ পর্যন্ত অর্ধশত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এর মধ্যে যাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে কেবল তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২২২৪ ঘ.
bdnews24