২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মাদ্রাসায় ছাত্রদের বিক্ষোভ-ভাংচুর

এক শিক্ষককে অব্যহতি দেওয়ার দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি মাদ্রাসায় শিক্ষার্থীরা বিক্ষোভ ও ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2010, 02:16 PM

Updated : 25 Aug 2022, 04:51 PM

গাজীপুর, জুলাই২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক শিক্ষককে অব্যহতি দেওয়ার দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি মাদ্রাসায় শিক্ষার্থীরা বিক্ষোভ ও ভাংচুর করেছে। এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ আগামী বৃহস্পতিবার পর্যন্ত নির্ধারিত পরীক্ষা স্থগিত করে ছাত্রদের বিকাল ৪টার মধ্যে ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেয়। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত তামিরুল মিল্লাত মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মো. জয়নুল আবেদীন সাংবাদিকদের জানান, সকালে ছাত্ররা মাদ্রাসার আরবী বিভাগের সহকারী অধ্যাপক মাহতাব উদ্দিনকে অব্যাহতি দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করে। তারা মাদ্রাসার জানালার কাচ এবং মাহতাব উদ্দিনের বাসার গ্রিল ও দরজা ভাংচুর করেছে। এর আগেও তারা আরেক শিক্ষকের অব্যাহতি চেয়ে বিক্ষোভ করে। শনিবার ওই বিষয়টির নিষ্পত্তি হয়েছে। অধ্যক্ষ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশকে খবর দেওয়া হয়। চলমান দ্বিতীয় সাময়িকের পরবর্তী সব পরীক্ষা বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে তিনি জানান। টঙ্গী থানার ওসি তপন চন্দ্র সাহা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয় এবং বিকেল সাড়ে ৫টার মধ্যে ছাত্ররা ছাত্রাবাস ত্যাগ করে চলে যায়। সহকারী অধ্যাপক মাহতাব উদ্দিন দাবি করেন, সহকারী শিক্ষক জয়নুল আবেদিন অব্যাহতি না দেওয়ার ব্যাপারে তার সংশ্লিষ্টতায় ক্ষুব্ধ কয়েকজন ছাত্র অন্যদের উস্কানি দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১২ ঘ.