গাইবান্ধা, ২৫ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধায় গ্রেপ্তার করা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের ২৫ সদস্যকে হেফাজতে রেখে তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
রোববার গাইবান্ধার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে তাদের হাজির করে দশদিন জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানায় পুলিশ।
শুনানি শেষে হাকিম মো. জালাল উদ্দিন তিনদিনের অনুমতি দেন ।
শনিবার সকাল সাড়ে ১১টায় গাইবান্ধা সদর উপজেলার রথেরবাজার পশ্চিমপাড়া গ্রামের ময়েন উদ্দিনের বাড়িতে গোপন বৈঠক করার সময় আল্লাহর দলের এই ২৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধা সদর থানার ওসি আকবর হোসেন সাংবাদিকদের জানান, উপ-পরিদর্শক গোলাম রব্বানী বাদি হয়ে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করেন।
এই মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন হেফাজতে রাখার অনুমতি দিয়েছে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৫ ঘ.
bdnews24