২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গুলি করে ঠিকাদার হত্যা

আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রাম নগরীতে এক ঠিকাদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2010, 10:30 AM

Updated : 25 Aug 2022, 04:52 PM

চট্টগ্রাম, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রাম নগরীতে এক ঠিকাদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাদের হামলায় আহত হয়েছে শিশুসহ চারজন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত ঠিকাদার হলেন- আব্দুল মোনাফ (৩১)। তার বাড়ি হালিশহর দক্ষিণ রামপুর ফকির গলিতে। হত্যাকাণ্ডের পরপরই দুপুর ১টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ওই এলাকা ও এর আশপাশ থেকে স্থানীয়দের সহায়তায় হত্যাকাণ্ডের জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে। স্থানীয়রা গ্রেপ্তার করা এক ব্যক্তির মালিকানাধীন একটি ট্রাক পুড়িয়ে দিয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্য রামপুর ও বসুন্ধরা আবাসিক এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মোনাফ ও খোকন নামের এক ব্যক্তির বিরোধ চলে আসছিলো। এর জের ধরে খোকন তার ভাই জসিম ও স্থানীয় কিছু দুর্বৃত্তকে নিয়ে রোববার দুপুর ১২টার দিকে মোনাফের ওপর চড়াও হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার (এসি) এস এম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কথা কাটাকাটির এক পর্যায়ে অস্ত্রধারীরা কাছ থেকে মোনাফকে গুলি করে। তাকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার তার মৃত্যু হয়। তিনি জানান, এসময় হামলাকারীদের গুলিতে এক শিশুসহ চারজন আহত হয়েছে। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- রামপুর এলাকার মুজিবুর রহমানের ছেলে হৃদয় (৯), শাজাহান (৩০), শাহিদ আলম (৪০) ও খোকনের বাবা ইমাম আলী (৬০)। পুলিশ কর্মকর্তা তানভীর আরো জানান, হত্যাকাণ্ডের পরপরই পাঁচজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- জসিম উদ্দিন ওরফে ফারুক (২৫), তার ছোট ভাই মোহাম্মদ দস্তগীর (১৮), মো. বাপ্পী ওরফে বাপ্পা (২৩), আবদুস শুক্কুর (২২) ও জসিমের দোকানের কর্মচারী মো. বাবলু (১৭)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশে তৈরি এলজি, একটি কাটা বন্দুক, একটি ছুরি, একটি ধামা (ধারালো অস্ত্র), চার রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোনসেট। এসি তানভীর বলেন, জসিম এলজি দিয়ে মোনাফকে গুলি করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। হালিশহর থানা হেফাজতে থাকা অবস্থায় জসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগে থেকে ব্যবসা নিয়ে তার বড় ভাই খোকনের সঙ্গে মোনাফের দ্বন্দ্ব ছিলো। গুলি করার বিষয়টি অস্বীকার করে তিনি দাবি করেন, দোকান কর্মচারী বাবলুই এ ঘটনা ঘটিয়েছে। হালিশহর থানা পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে ৮ জন অংশ নিয়েছে। বাকি তিনজনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। রোববার সন্ধ্যা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। তবে পুলিশ বাদি হয়ে অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এমএসবি/১৯৫৪ ঘ.