২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ হলো তালুকদার ফিলিং স্টেশন

হাইকোর্টের আদেশের পর জাতীয় সংসদ ভবন সংলগ্ন (আসাদ গেটের পূর্ব পাশে ) তালুকদার ফিলিং স্টেশন বন্ধ করে দিয়েছে গণপূর্ত অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2010, 02:41 PM

Updated : 25 Aug 2022, 04:31 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের আদেশের পর জাতীয় সংসদ ভবন সংলগ্ন (আসাদ গেটের পূর্ব পাশে ) তালুকদার ফিলিং স্টেশন বন্ধ করে দিয়েছে গণপূর্ত অধিদপ্তর। পুলিশের সহায়তায় শুক্রবার গভীর রাতে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইয়ামিনের নেতৃত্বে ওই ফিলিং স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইর্কোটের ডিভিশন বেঞ্চ ফিলিং স্টেশনটি সরিয়ে নিতে সরকারের দেওয়া নোটিশ বৈধ বলে রায় দেয়। গত বছরের ৪ আগস্ট সংসদ ভবনের নিরাপত্তার কারণে তালুকদার ফিলিং স্টেশন এক মাসের মধ্যে সরিয়ে নিতে নোটিশ দেয় গণপূর্ত অধিদপ্তর। ১৭ আগস্ট ফিলিং স্টেশনের মালিক আমেনা বেগম ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। মোহাম্মদ ইয়ামিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাইকোর্টের আদেশের পর শুক্রবার রাত ১টার দিকে তালুকদার ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হয়। এ সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে শনিবার সকাল পর্যন্ত লেগে যায়। শনিবার সন্ধ্যায় তালুকদার ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, চারদিকে অস্থায়ীভাবে ইটের দেয়াল তুলে স্টেশনটি ঘিরে রাখা হয়েছে। কর্মচারীদের অনেককেই অফিস কক্ষের সামনে অলসভাবে বসে আছেন। ফিলিং স্টেশনের হিসাব রক্ষক মো. শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গণপূর্ত অধিদপ্তরের লোকজন এসে শুক্রবার রাতে ফিলিং স্টেশনটি বন্ধ করে দেয়। আমরা এখন মালিকের অপেক্ষায় রয়েছি। তিনি বললেই এখান থেকে চলে যাবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমকে/এইচএ/২০৩৭ ঘ.