ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া ও গাজীপুরে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়ায় নিহত দুজন সম্পর্কে পিতা-পুত্র। গাজীপুরে নিহতের পরিচয় জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুষ্টিয়া প্রতিনিধি জানান, মিরপুর উপজেলার পোড়াদহ গ্রামে শুক্রবার দুপুরে ট্রেনে কাটা পড়ে তালবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য বাদশা মিয়া (৪২) ও তার ছেলে হৃদয়ের (১২) মৃত্যু হয়েছে।
তাদের বাড়ি তালবাড়িয়া ইউনিয়নের রানাখড়িয়া গ্রামে।
মিরপুর থানার ওসি মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাদশা মিয়া ছেলে হৃদয়কে নিয়ে পোড়াদহ গ্রামে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন।
তিনি বলেন, দুপুর ১২টার দিকে তারা পোড়াদহ রেল স্টেশন সংলগ্ন সেতু পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে সৈয়দপুরগামী রূপসা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি ওই সেতুর ওপর চলে অসলে তারা দুজন কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পোড়াদহ রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও তিনি জানান।
গাজীপুর প্রতিনিধি জানান, সদর উপজেলায় বৃহস্পতিবার রাতে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় একজনের মৃত্যু হয়েছে। নিহতের বয়স ৪০ বছরের কাছাকাছি।
শুক্রবার সকালে সামন্তপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার কর হয় বলে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, রাতের কোনো এক সময় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা যান। সামন্তপুর এলাকায় রেললাইনের পাশে তার লাশ পড়েছিলো।
এসআই আকবর জানান, শুক্রবার সকালে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ঢাকার জিআরপি থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৬২৮ ঘ.
bdnews24