২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঠিয়ায় ছাত্রদল নেতাকে জবাই করে হত্যা

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক নুহ্ আলমকে (২৮) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2010, 06:15 PM

Updated : 25 Aug 2022, 04:23 PM

রাজশাহী, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক নুহ্ আলমকে (২৮) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে বানেশ্বরের বিড়ালদহ বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। গত বছরের ২৯ জানুয়ারি রাতে তার বাবা স্থানীয় বিএনপি কর্মী দাউদ হোসেন খুন হন। পুঠিয়া থানার ওসি জিয়াউল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রাত সোয়া ৯টার দিকে নুহ্ আলম বন্ধুদের নিয়ে বিড়ালদহ মাইপাড়া বাজারে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে মসজিদের সামনে আড্ডা দিচ্ছেলেন। এ সময় কয়েকজন ব্যক্তি প্রথমে তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। পরে তাকে জবাই করে তারা দ্রুত চলে যায়। হত্যাকাণ্ডের সময় ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো বলে স্থানীয়রা জানান। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় বিড়ালদহ বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হত্যাকাণ্ডের পরপরই স্থানীয় জনতা পুঠিয়ার বিড়ালদহে রাজশাহী-ঢাকা মহাসড়কে বিক্ষোভ শুরু করে। তারা ২/১টি গাড়িও ভাংচুর করেছে। পুঠিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্টসহ (এএসপি) জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলের পথে রয়েছেন। ওসি বলেন, খবর শুনেই পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে রাত ১১টা পর্যন্ত থানায় মামলা হয়নি। কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের তদন্ত চলছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০১১ ঘ.