রাঙামাটি, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে এই জনগোষ্ঠীর ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু অভিযোগ করেন, "এই অঞ্চলের তিন সাংসদ, আঞ্চলিক পরিষদ, তিন জেলা পরিষদ ও তিন সার্কেল প্রধানের মধ্যে সমন্বয় না থাকায় চুক্তি বাস্তবায়নে আদিবাসী জনগোষ্ঠী ভূমিকা রাখতে পারছে না।"
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে রাঙামাটিতে চাকমা রাজা দেবাশীষ রায়কে দেওয়া এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এ কথা বলেন।
জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী কমিটিতে এশিয়া প্রতিনিধি নির্বাচিত হওয়ায় রাজা দেবাশীষ রায়কে সংবর্ধনা দেয় পার্বত্য চট্টগ্রাম শাখা বাংলাদেশ আদিবাসী ফোরাম।
অনুষ্ঠানে সন্তু লারাম অভিযোগ করেন, "ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য গঠিত পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের চেয়ারম্যান এর সদস্যদের পাস কাটিয়ে নিজের ইচ্ছে মত কাজ করে যাচ্ছেন।
"যারা পার্বত্য চট্টগ্রামের অধিবাসী নয়, তাদের কাছ থেকে ভূমি বিরোধ নিস্পত্তির দরখাস্ত গ্রহন করছেন তিনি, যা অত্যন্ত দুঃখজনক।"
১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় শান্তিচুক্তির মধ্য দিয়ে অস্ত্র ত্যাগ করে শান্তিবাহিনী। পার্বত্যাঞ্চলের স্বায়ত্তশাসনের দাবিতে তারা প্রায় দুই দশক সশস্ত্র সংগ্রাম করে আসছিলো।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আদিবাসী ফোরাম নেতা প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন বোমাং সার্কেলের প্রতিনিধি চহ্লা প্র" জেমি।
এতে আরো বক্তব্য রাখেন- রাঙামাটি স্থানীয় সরকার পরিষদের সাবেক চেয়ারম্যান গৌতম দেওয়ান, বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক শাখার নেতা বোধিসত্ব চাকমা।
অনুষ্ঠানে সন্তু লারমা চাকমা রাজা দেবাশীষ রায়ের হাতে ক্রেস্ট তুলে দেন। তিন পার্বত্য জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজাকে ফুলের তোড়া উপহার দেন।
রাজা দেবাশীষ রায় বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত আদিবাসীরা নিজেরা জুম্ম কিংবা পাহাড়ি নামে পরিচয় দিতো।
কিন্তু বৈশ্বিক পরিবর্তনের কারণে নব্বই'র দশক থেকে তারা আদিবাসী হিসেবে নিজেদের পরিচয় দিয়ে আসছে। যদিও সরকার এখনো তাদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয়নি।
তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করার অঙ্গীকার ব্যক্ত করে রাজা বলেন, সবার সহযোগিতা নিয়ে আদিবাসীদের জন্য কাজ করতে চান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৫১ ঘ.
bdnews24