২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী খুলনা ও সাতক্ষীরা আসছেন শুক্রবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার খুলনা ও সাতক্ষীরা আসছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2010, 04:45 PM

Updated : 25 Aug 2022, 04:24 PM

খুলনা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার খুলনা ও সাতক্ষীরা আসছেন। তিনি সেখানে আইলা দুর্গতদের মধ্যে গৃহ নির্মাণ অনুদান কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সাতক্ষীরা ও খুলনা প্রশাসন প্রস্তুতি নিয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ২০০৯ সালের ২৫ মে উপকূলীয় এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড় আইলা। এতে সাতক্ষীরার শ্যামনগর, খুলনার কয়রাসহ উপকূলীয় এলাকায় প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খুলনা প্রতিনিধি জানান, জেলার কয়রা ও দাকোপ উপজেলার আইলা দুর্গত ৩৮ হাজার পরিবারের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে মোট ৭৬ কোটি টাকা গৃহ নির্মাণ অনুদান দেওয়া হবে। এর মধ্যে কয়রা উপজেলায় ২৭ হাজার ৪০০ পরিবারের মধ্যে ৫৪ কোটি ৮০ লাখ এবং দাকোপে ১০ হাজার ৬০০ পরিবারের মধ্যে ২১ কোটি ২০ লাখ টাকা দেওয়া হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সচিব মো. মোখলেছুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদ মাঠে পৌঁছাবেন। দুপুর ৩টা ২৫ মিনিটে সেখানে তিনি গৃহ নির্মাণ অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে কয়রা ত্যাগ করবেন। এর আগে বেলা ১২টায় প্রধানমন্ত্রী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আইলা দুর্গত মানুষদের মাঝে গৃহ নির্মাণ অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। খুলনা জেলা প্রশাসক জমসের আহাম্মদ খন্দকার জানান, প্রধানমন্ত্রীর সফরের সব প্রস্তুতি সব শেষ হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, শতভাগ আন্তরিকতা ও প্রচেষ্টা থাকা সত্বেও ওয়াপদা কর্তৃপক্ষ সময়োচিত পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় কয়েকটি স্থানে বেড়িবাঁধ তৈরি করা সম্ভব হয়নি। আবার কোথাও কোথাও বেড়ি বাঁধ নির্মাণ করার পরও পানির তোড়ে তা ভেঙ্গে গেছে। সাতক্ষীরা প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী শুক্রবার সকালে ১০টার দিকে শ্যামনগর নকিপুর হরিচরণ উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছাবেন। এখানে তিনি আইলাদুর্গতদের মাঝে গৃহ নির্মাণ অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর প্রধানমন্ত্রী জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন। দুপুর ১২টার মধ্যে কর্মসূচি শেষ করে তিনি খুলনার কয়রা উপজেলায় যাবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, জেলায় মেডিকেল কলেজ, কৃষি ও মৎস্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ, রেল যোগাযোগ, সুন্দরবন টেক্সটাইল মিলস চালু, সুন্দরবনে পর্যটন কেন্দ্র স্থাপনসহ কয়েকটি দাবি প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২২ ঘ.