টাঙ্গাইল, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জঙ্গি সন্দেহে টাঙ্গাইলে সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে কালিহাতী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পটল বাজারে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়।
তাদের কাছ থেকে কয়েকটি কুরআন উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা নিজেদের বৈজ্ঞানিক উপায়ে কুরআন শিক্ষা ফাউন্ডেশনের সদস্য বলে পরিচয় দাবি করেছে। তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এরা হলেন- গাইবান্ধার তুলশী ঘাট এলাকার হাফেজ ইসমাইল, নুরু নবী শেখ, হযরত আলী, সাদুল্লাপুরের আব্দুল করিম, দূর্গাপুরের আজিজুর রহমান, রাজশাহীর বাগমারার বসন্তপুরের নজরুল ইসলাম ও টাঙ্গাইলের বাসাইল উপজেলার পৌলির মোহাম্মদ সাহাব উদ্দিন।
কালিহাতী থানার ওসি মো. ইউনুছ আলী মিয়া সাংবাদিকদের জানান, সকালে দূর্গাপুর ইউনিয়নের পটল বাজারে ইসলামের বিভিন্ন দিক ও কুরআন সম্পর্কে বয়ান এবং কুরআন বিক্রি করছিলো গ্রেপ্তারকৃতরা।
তাদের গতিবিধি সন্দেহ হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৪ ঘ.
bdnews24