শেরপুর, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে পুলিশ হেফাজতে এক আসামির মৃত্যু হয়েছে। তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
বুধবার দিবাগত রাতে সদর থানা পুলিশের হেফাজতে পৌর এলাকার নওহাটার শাহাদত হোসেনের (৪২) মৃত্যু হয়। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি ও স্থানীয় মসজিদের ইমাম।
পুলিশ হত্যার অভিযোগ অস্বীকার করে বলেছে, শাহাদত অসুস্থ হয়ে পড়লে 'জামিন' দিয়ে তার ভাইয়ের মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়।
মা শাহাতন বেওয়াকে নির্যাতনের অভিযোগে বুধবার সদর থানায় ছোট ভাই সামছাদ হোসেনের করা মামলায় রাত ৯টার দিকে শাহাদতকে গ্রেপ্তার করা হয়।
শাহাদতের স্ত্রী শাহিদা খাতুন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সামছাদের টাকা খেয়ে সদর থানার এসআই মনির হোসেন তার স্বামীকে নির্যাতন করে হত্যা করেছে।
তিনি বলেন, "শাহাতদকে শায়েস্তা করতে না পারলে পুলিশের চাকরি ছেড়ে দেব বলে গ্রেপ্তারের আগে বাড়িতে গিয়ে শাসিয়ে আসেন এসআই।"
শাহিদা খাতুন জানান, তার স্বামী বাড়ি ফিরে খাওয়া দাওয়া শেষে রাত ৯টার দিকে চা খেতে বেরিয়ে যান। চা স্টল থেকেই এসআই তাকে গ্রেপ্তার করে।
তিনি জানান, পরে ভোরবেলা তার ছোট ভাই সামছাদ অ্যাম্বুলেন্সে করে শাহদতের লাশ নিয়ে বাড়িতে উপস্থিত হন। সে অসুস্থ ছিল না।
নিহতের ছেলে শাহীন মিয়া, মেয়ে সাবিনা ও শীলা জানায়, তার বাবার গায়ে নির্যাতনের চিহ্ন ছিল। নির্যাতনে তার একটি দাঁতও ভেঙ্গে গেছে। নাকে-মুখে রক্ত ছিল।
তবে এসআই মনির হোসেন হত্যার অভিযোগ অস্বীকার বলেন, "এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।"
তিনি জানান, শাহাদতকে থানায় আনার পরই অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. চন্দন চক্রবর্তীকে দেখানো হলে তিনি তাকে সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
"হাসপাতালের নেওয়ার পর চিকিৎসক জানায় শাহাদতের রক্তচাপ ২৮০/১১০। এছাড়া তার ফুসফুস ও হৃৎযন্ত্রের সমস্যা রয়েছে", বলেন তিনি।
এ সময় তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন চিকিৎসক।
পরে শাহাদতের ভাই সামছাদ হোসেন ও আরেক ভাই সওদাগরের জিম্মায় তাকে 'জামিন দিয়ে' ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান এসআই।
এ ব্যাপারে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক চন্দন চক্রবর্তী জানান, তিনি রাত ১টার দিকে থানায় গিয়ে শাহাদাতকে অচেতন অবস্থায় পান। তখন রক্তচাপ বেশি ছিল।
তিনি বলেন, "অবস্থার আরো অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ পাসপাতালে পাঠানোর পরামর্শ দেই। তারপর কি হয়েছে জানি না।"
সদর থানার ওসি সুব্রত কুমার সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "নির্যাতনে আসামির মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।"
আসামিকে থানায় নিয়ে আসার পর অসুস্থ হয়ে পড়লে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চিকিৎসার জন্য তাকে 'তাৎক্ষণিকভাবে জামিন' দিয়ে আসামির ভাই বাদির মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়।
তিনি দাবি করেন, "জরুরি পরিস্থিতিতে আসামিকে জামিন দিতে পারে পুলিশ।"
এ ব্যাপারে শাহাদতের পরিবারের পক্ষ থেকে সদর থানায় এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২০২১ ঘ.
bdnews24