ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামানকে ১১ দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) অনুমতি দিয়েছে আদালত।
পুলিশের কাজে বাধা দেওয়া সংক্রান্ত পল্টন থানায় দায়ের করা তিন মামলায় আটদিন এবং রমনা থানার ফারুক হত্যা মামলায় তিনদিন করে হেফাজত মঞ্জুর করা হয়।
পল্টন ও রমনা থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে তাদেরকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে।
পল্টন থানার তিন মামলায় হেফাজতে নেওয়ার অনুমতি দেন মহানগর হাকিম আবদুল মজিদ। রমনা থানার মামলায় হেফাজত মঞ্জুর করেন মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান।
একই আদালত ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা মিয়া মুজাহিদুল ইসলামকে পল্টন থানা পুলিশের কাজে বাধা দেওয়ার ওই তিন মামলায় আট দিন হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে।
গত ১৩ জুলাই দুই ঘন্টার ব্যাবধানে হাইকোর্টের সামনে থেকে কাদের মোল্লা ও কামারুজ্জামানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগরের উপ-পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় জানান, মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
মুক্তিযুদ্ধের সময় মিরপুরের আলোকদী গ্রামে ওই গণহত্যার ঘটনায় ২০০৮ সালের জানুয়ারিতে পল্লবী থানায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা মামলাটি দায়ের করেন।
কাদের মোল্লা, কামারুজ্জামান এবং মিয়া মুজাহিদুল ইসলামকে পল্টন থানার পুলিশ তিন মামলায় ১০দিন করে মোট ৩০দিন হেফাজত চায়। আর কাদের মোল্লা, কামারুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য রমনা থানার মামলায় সাতদিন করে রিমান্ড চাওয়া হয়।
কাদের মোল্লা ও কামারুজ্জামানকে এর আগে পল্লবীর গণহত্যা মামলায় পাঁচদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
তবে রাষ্ট্রপতির গাড়ি বহরে হামলার অভিযোগে পল্টন থানার মামলায় তিনদিন হেফাজত মঞ্জুর করা হলেও তাদেরকে বুধবার পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে জানিয়েছেন পুলিশের গোয়েন্দা শাখার তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো: রুহুল আমিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএএ/জিএনএ/১৭২৪ঘ.
bdnews24