চাঁদপুর, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিক্ষুব্ধ গ্রাহকরা বুধবার রাতে প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
এ সময় চাঁদপুর-কুমিল্লা সড়কের উভয় পাশে অন্তত দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজট লেগে যায়।
পুলিশ জানিয়েছে, উপজেলার খাটরা বিলওয়াই এলাকায় সহস্রাধিক বিদ্যুৎ গ্রাহক রাত ৯টায় সড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয়।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন ওই এলাকায় ঘন ঘন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েছে তারা। স্কুল-কলেজের শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি হচ্ছে।
আগে ওই এলাকার বিদ্যুৎ লাইন হাজীগঞ্জের সঙ্গে সংযুক্ত ছিলো। কিন্তু এখন চাঁদপুরের সঙ্গে সংযোগ দেওয়ায় বিদ্যুৎ সরবরাহ আরো বেশি ঘন ঘন বন্ধ হচ্ছে বলেও তারা অভিযোগ করে।
হাজীগঞ্জ থানার ওসি মিজনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়ক অবরোধের কারণে এই সড়কে অনেক গাড়ি আটকা পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১০টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৩৫ ঘ.
bdnews24