২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুই ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের একটি হাসপাতালে অভিযান চালিয়ে দুই ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 03:28 PM

Updated : 25 Aug 2022, 04:17 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরের একটি হাসপাতালে অভিযান চালিয়ে দুই ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকা সত্ত্বেও আকরাম হোসেন ও এম এ সবুর নামের এই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা ও অস্ত্রোপাচার করে আসছিল। মোহাম্মদপুর বাবর রোডের মা মনি জেনারেল হাসপাতাল নামের ওই প্রতিষ্ঠানটিও কোন অনুমতি বা প্রয়োজনীয় ব্যবস্থা ছাড়াই রোগী ভর্তি ও চিকিৎসার নামে প্রতারণা করে আসছে বলে র‌্যাব জানিয়েছে। প্রতিষ্ঠানটির মালিক ওসমান গনিকেও গ্রেপ্তার করা হয়েছে। চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে আদালত তাক্ষণিকভাবে আকরামকে এক বছর, সবুর ও গণিকে ছয়মাসের কারাদণ্ডের আদেশ দেন। আকরাম হোসেন আদালতের কাছে স্বীকার করেছেন, বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পাস হলেও ২২ বছর ধরে তিনি রোগীদের চিকিৎসা, অপারেশন ও অজ্ঞান করার কাজ করছেন। বুধবার সকালে মোহাম্মদপুরের বি ব্লকের ২১/১৮ বাবর রোডের মা মনি জেনারেল হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব ৪ এর সদস্যদের নিয়ে আদালতে নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা। এ সময় তার সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা ছিলেন। আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা রোগীদের প্রেসক্রিপশন লেখার সময় দুই ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করি। এদের মধ্যে আকরাম হোসেন বাণিজ্যে এইচএসসি পাস। অপর জন সবুর এলএমএফ (পল্লী চিকিৎসক) কোর্স করলেও রোগী দেখার বিএমডিসির কোন অনুমতি নেই। এই হাসপাতালটিরও স্বাস্থ্য অধিদপ্তরের কোন অনুমতি নেই। " সবুর জানান, এই হাসপাতালে মুলত পঙ্গু হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নিয়ে আসা হতো। বিভিন্ন হাসপাতালে এ জন্যে তাদের অনেক দালাল রয়েছে। প্রতিটি রোগীর জন্যে দালালদের একটি কমিশন দেওয়া হয়। আকরাম স্বীকার করেন, তিনি রোগীদের অপারেশন ও এ্যানেসথেশিয়া দেয়ার কাজও করতেন। এতে উল্টা পাল্টা হয়ে গেলে বা রোগী মারা গেলে মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী পাঠিয়ে দেওয়া হতো। পরে বলা হতো, পথে নেয়ার সময় রোগী মারা গেছে। আনোয়ার পাশা জানান, অভিযান পরিচালনার সময় হাসপাতালে মোট ১৮ জন রোগী ভর্তি ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা.আবুল হাসানের পরামর্শে ৬ জন রোগীকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন , এ পর্যন্ত ৮/১০টি ভুয়া হাসপাতাল ও ১২/১৫ জন ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু শক্ত আইন না থাকার কারণে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া যায় না। বরং বেশিরভাগ সময়েই তারা জামিনে বেরিয়ে আসে। গ্রেপ্তারকৃত তিন প্রতারককে কারাগারে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএইচএ/জিএনএ/২১১২ ঘ.