২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা দখল বন্ধে সংবিধান সংশোধন প্রয়োজন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আর কোনো অবৈধ ক্ষমতা দখলকারী যেন জনগণের বুকের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসতে না পারে, সে জন্য সংবিধানের সংশোধন একান্ত প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 03:16 PM

Updated : 25 Aug 2022, 04:17 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আর কোনো অবৈধ ক্ষমতা দখলকারী যেন জনগণের বুকের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসতে না পারে, সে জন্য সংবিধানের সংশোধন একান্ত প্রয়োজন। জাতীয় সংসদে বুধবারের অধিবেশনে সংবিধান সংশোধনের জন্য 'বিশেষ কমিটি' গঠনের প্রস্তাব করার আগে প্রধানমন্ত্রী একথা বলেন। শেখ হাসিনা বলেন, "আমরা জনগণের ক্ষমতা জনগণের হাতে রাখতে চাই, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চাই এবং গণতন্ত্রকে সুসংহত রাখতে চাই। এজন্য, সামরিক ফরমান জারি করে সংবিধানের যে সংশোধন করা হয়েছিল, তার সংশোধন প্রয়োজন। হাইকোর্টের রায়ের প্রতি সম্মান দেখিয়ে এই সংশোধন প্রয়োজন।" অবৈধভাবে ক্ষমতা দখলের পুনরাবৃত্তি না ঘটার জন্য সংবিধানের সংশোধন প্রয়োজন বলে তিনি মনে করেন। সংবিধান সংশোধনের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কার্যপ্রণালীর ২৬৬ বিধিতে বিশেষ কমিটির নাম প্রস্তাব করার আগে সংসদ নেতা শেখ হাসিনা আরো বলেন, "২০০৮ এর নির্বাচনে দুই-তৃতীয়াংশ নয়, আরো বেশি মেজরিটি পেয়েছি। আমার মনে হয়- আমরা এই মেজরিটি পেয়েছি, একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করতে।" শেখ হাসিনা আরো বলেন, "৭৫ এ জাতির জনককে হত্যা করার পর এই সংবিধানকে ক্ষতবিক্ষত করা হয়েছে। সামরিক অধ্যাদেশ বা ফরমান দিয়ে এই সংবিধানকে পরিবর্তন করা হয়।" ১৯৭৫ সালের ২০ আগস্ট সামরিক ফরমান জারি করা হয়। একই বছরের ৮ নভেম্বর জারি করা হয় সামরিক আইন। ১৯৭৭ সালের ২২ এপ্রিল জিয়াউর রহমান তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন। শেখ হাসিনা প্রশ্ন করেন, "জনপ্রতিনিধিদের করা সংবিধান কিভাবে সামরিক ফরমান দিয়ে সংশোধন করা যায়?" প্রধানমন্ত্রী বলেন, "বারবার মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা দখল করেছে। আর তার খেসারত দিতে হয়েছে সেনা সদস্যদের। সেনা ছাউনিতে শোনা গেছে বিধবা মা-বোনদের কান্না। এর পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। "গণতান্ত্রিক ধারা ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। এ অঞ্চলের যেসব দেশে গণতান্ত্রিক ধারা অব্যহত রযেছে সেসব দেশের অর্থনৈতিক উন্নতি ঘটেছে। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/ডিডি/২১০২ ঘ.