চট্টগ্রাম, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আয়-ব্যয়ের হিসাব না দেওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া দুই মেয়র ও ১৪ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
এ লক্ষ্যে নির্বাচনী আয়-ব্যয়ের হিসাব না দেওয়া ১৬ প্রার্থীর তালিকা বুধবার ঢাকায় প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো হয়েছে বলে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন।
এই তালিকায় কোনো নির্বাচিত মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর নেই।
চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তারা জানান, মঙ্গলবার সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের আয়-ব্যয়ের হিসাব দাখিলের শেষ দিন ছিলো।
এর মধ্যে দুই মেয়র ও ১২ ওয়ার্ড ও দুই সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদের প্রার্থী হিসাব জমা দেননি।
নির্বাচনী আইন অনুযায়ী ফলাফলের গেজেট প্রকাশের পরবর্তী ৩০ দিনের মধ্যে প্রার্থীদের আয়-ব্যয়ের বিবরণী দাখিলের বাধ্যবাধকতা রয়েছে।
চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচন শেষে আয়-ব্যয়ের হিসাব জমা দিতে প্রত্যেক মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীকে চিঠি দেওয়া হয়েছিল।
গত ১৭ জুন অনুষ্ঠিত নির্বাচনে আটজন মেয়র পদে এবং ওয়ার্ড কাউন্সিলর পদে ২৫৩ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
হিসাব জমা না দেওয়া দুই মেয়র প্রার্থী হলেন- মোফাজ্জেল হোসেন ভূঁইয়া ও সৈয়দ সাজ্জাদ জোহা। এরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
মেয়র পদে প্রার্থীদের ব্যয়ের সীমা ছিলো ৩০ লাখ টাকা।
এই পদে নির্বাচিত মেয়র এম মন্জুর আলম তার জমা দেওয়া বিবরণীতে ব্যয় দেখিয়েছেন ২৯ লাখ ৭৫ হাজার টাকা।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পরাজিত এ বি এম মহিউদ্দিন চৌধুরী দিয়েছেন ২৯ লাখ ৯৯ হাজার ৯০০ টাকার হিসাব।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ জানান, যারা নির্ধারিত সময়ে হিসাব দাখিল করেননি, তাদের বিরুদ্ধে কমিশনের বিধি অনুযায়ী মামলার প্রক্রিয়া শুরু করা হবে।
তিনি আরও জানান, আয়-ব্যয়ের হিসাব জমা না দেওয়ার মামলায় ছয় মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।
আয়-ব্যয়ের হিসাব না দেওয়ায় ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত অন্তত একশ' প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশন মামলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২০৫৬ ঘ.
bdnews24