২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনাম থেকে চাল আমদানি: কয়েকটি শর্তে মতৈক্য

ভিয়েতনাম থেকে চাল আমদানি সংক্রান্ত আলোচনায় দুই দেশের সরকারি পর্যায়ের কর্মকর্তারা চালের মান, পরিমাণ ও আমদানির শর্তের ব্যাপারে একমত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 02:39 PM

Updated : 25 Aug 2022, 04:17 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিয়েতনাম থেকে চাল আমদানি সংক্রান্ত আলোচনায় দুই দেশের সরকারি পর্যায়ের কর্মকর্তারা চালের মান, পরিমাণ ও আমদানির শর্তের ব্যাপারে একমত হয়েছেন। তবে চালের মূল্য নিয়ে দ্বিমত রয়ে গেছে। এ বিষয়ে বুধবার খাদ্য সচিবের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া ভিয়েতনামী প্রতিনিধিরা নিজ দেশের সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। বিকালে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য সচিব বরুণ দেব মিত্রের সঙ্গে ভিয়েতনামের প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠক শেষে বরুণ দেব মিত্র সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবারের মধ্যে আলোচনা চূড়ান্ত হলে সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে তাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হবে। চুক্তি স্বাক্ষরের ৪০ দিনের মধ্যেই ভিয়েতনাম থেকে চাল দেশে পৌঁছবে। এতে চাল আসতে সব মিলিয়ে প্রায় দু'মাস সময় লাগবে বলে তিনি জানান। প্রায় তিন ঘণ্টার এই বৈঠকে দুপক্ষের মধ্যে চালের মান, পরিমাণ, আমদানির শর্ত ও মূল্য পরিশোধের বিষয়গুলো নিষ্পত্তি হয়। তবে চালের মূল্যের বিষয়টি শেষ পর্যন্ত অমীমাংসিত থাকে। খাদ্য সচিব বলেন, "বাংলাদেশ ইতোপূর্বে ভিয়েতনাম থেকে টনপ্রতি ৩৬৯ ডলার মূল্যে চাল আমদানি করেছে। কিন্তু ভিয়েতনাম এর চেয়ে অনেক বেশি মূল্য চায়। তাই আমরাও তাদেরকে আমাদের কাঙ্খিত মূল্য জানিয়েছি। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বুধবার রাত অথবা বৃহস্পতিবার আমাদের জানাবে।" তিনি জানান, বাংলাদেশে আমদানির প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ। স্বচ্ছতা নিশ্চিত করে আমদানি করতে বেশ কিছু প্রক্রিয়া শেষ করতে হয়। এজন্য ভিয়েতনামের প্রস্তাবটি অর্থনৈতিক এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য পাঠানো হবে। তাদের অনুমোদনের পর যাবে মন্ত্রিসভায়। মন্ত্রিসভার অনুমোদন পেলে তবে দু'দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হবে। খাদ্য সচিব আরো বলেন, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বিষয়টি অর্থনৈতিক এবং ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন পেতে ২০ থেকে ২৫ দিন সময় লাগতে পারে। ফলে চুক্তি করতেও একই পরিমাণ সময় লাগতে পারে, তা ভিয়েতনামী প্রতিনিধি দলকে জানানো হয়েছে। তবে তারা প্রক্রিয়াটি আরো দ্রুত শেষ করতে বলেছে। তিনি জানান, ভিয়েতনাম দেবে আতপ চাল, কারণ তাদের সিদ্ধ চাল উৎপাদনের কোনো প্ল্যান্ট নেই। ভারতীয়দের কথা মাথায় রেখে তারা সেখানে একটি সিদ্ধ চালের প্ল্যান্ট করছে। এখান থেকে উৎপাদন হতে আরো এক বছর লাগতে পারে বলে বৈঠকে তারা জানিয়েছেন। বৈঠকে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত খাদ্য সচিব আব্দুল আউয়াল হাওলাদার, যুগ্ম-সচিব খন্দকার আতিয়ার রহমান, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং প্রতিনিধি দলের পক্ষে ভিয়েতনাম সাউদার্ন ফুড করপোরেশনের ভাইস জেনারেল ডিরেক্টর চাও থি এনজোক হোয়া, ডেপুটি হেড অব ট্রেডিং ডিপার্টমেন্ট ট্রান ডং কিন ও ভিয়েতনাম দূতাবাসের কাউন্সিলর ফাম ভ্যান ডিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/২০৩১ ঘ.