নরসিংদী, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-
বুধবার দুপুরের দিকে নরসিংদীর বিভিন্ন এলাকায় তাঁত কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিতে শুরু করে।
তবে নরসিংদী টেক্সটাইল শ্রমিক ফেডারেশন অভিযোগ করেছে, মামলার ভয় দেখিয়ে শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করা হচ্ছে।
চাকরি স্থায়ীকরণ, ছুটি সুবিধা ও মজুরি বাড়ানোসহ ১৩ দফা দাবিতে নরসিংদী টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের ডাকে গত ১৩ জুলাই থেকে তাঁত শ্রমিকরা ধর্মঘট শুরু করে।
ধর্মঘটের কারণে গত আাট দিন ধরে জেলার বিভিন্ন এলাকায় অন্তত ২৫ হাজার তাঁত বন্ধ থাকে।
চৌয়ালা পাওয়ারলুম মালিক সমিতির যুগ্ম সম্পাদক মো. নান্নু আলী খান বলেন, "৮০ শতাংশ শ্রমিক ইতিমধ্যেই কাজে যোগ দিয়েছে। কারখানাগুলোতে উৎপাদন শুরু হয়েছে।"
আগামী দু'এক দিনের মধ্যে বাকিরাও কাজে যোগ দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তাঁত কারখানা শ্রমিক রুবেল বলেন, "ঈদকে সামনে রেখে কোনো শর্ত ছাড়াই কাজে যোগ দিয়েছি। আশা করি মালিকরা আমাদের দাবিগুলো বিবেচনা করবেন।"
নরসিংদী জেলা টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি আ. রহমান অভিযোগ করেন, মালিকরা স্থানীয় প্রশাসনকে 'ম্যানেজ করে' শ্রমিকদের মামলায় জড়ানোর ভয় দেখিয়ে কাজে যোগ দিতে বাধ্য করছে।
তিনি জানান, এখনও ৫০ শতাংশ শ্রমিক ধর্মঘট করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এইচএ/১৭০০ ঘ.
bdnews24