ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-'ছবিগুলো দেখে মুগ্ধ হই। ওদের সুপ্ত প্রতিভাই প্রমাণ করে ওরা প্রতিবন্ধী নয়, সৃজনশীল।'
অটিস্টিক শিশুদের আঁকা চিত্রকর্ম প্রদর্শনী দেখতে এসে এভাবেই অনুভূতির কথা জানালেন একজন অটিস্টিক শিশুর মা শাহনাজ পারভীন।
অটিজম বিষয়ে সচেতনতা সৃষ্টিতে ছাত্র সংগঠন হ্যালো'স অ্যাসোসিয়েশন অফ নিয়োফাইট স্টুডেটস (হ্যান্স) দ্বিতীয়বারের মতো সাত দিনব্যাপী এ চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।
প্রদর্শনীতে শাহনাজ পারভীনের অটিজমে আক্রান্ত ছেলে রাশেদুল ইসলাম বাবুসহ প্রায় ৩০জন শিশুর আঁকা ছবি স্থান পেয়েছে।
মঙ্গলবার বিকেলে ধানমণ্ডির দৃক গ্যালারীতে ছেলেকে সঙ্গে নিয়ে প্রদর্শনী দেখতে আসেন শাহনাজ।
তিনি বলেন, "দেড় বছর বয়সে বাবুর জ্বর হয়। এরপর থেকে ও মানসিক প্রতিবন্ধী হিসেবে বেড়ে ওঠে। এখন ওর বয়স প্রায় ২০ বছর।"
বাবু অটিস্টিক শিশুদের স্কুল এসডব্লিউআইডি বাংলাদেশ এর একজন ছাত্র। ওই স্কুলের পক্ষ থেকে এ প্রদর্শনীতে বাবু অংশ নিয়েছে।
অটিস্টিক আক্রান্ত শিশুদের এভাবে বিভিন্ন সৃজনশীল কাজে আরো বেশি করে অংশগ্রহণের জন্য সামাজিক সংগঠন ও রাষ্ট্রীয় উদ্যোগের আহ্বান জানান তিনি।
হ্যান্স'র সহ সাধারণ সম্পাদক রাকিন বিন ইসহাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অটিস্টিক শিশুদের মেধা ও মননের সঙ্গে সবাইকে পরিচয় করানোর পাশাপাশি এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ আয়োজন।"
তিনি বলেন, "ঢাকার ছয়টি বিশেষ স্কুলের অটিস্টিক শিশুদের আঁকা প্রায় ৬০টি ছবি প্রদশর্নীতে রয়েছে।"
প্রদর্শনীর পাশাপাশি চিত্রকর্মগুলো বিক্রিও করা হচ্ছে। বিক্রির অর্থ সংশ্লিষ্ট চিত্রশিল্পীকে দিয়ে দেওয়া হয় বলে জানান তিনি।
গত ১৬ জুলাই থেকে শুরু হওয়া 'ইমারজড ফ্রম আননোন টু' শীর্ষক এ প্রদর্শনী চলবে ২২ জুলাই পর্যন্ত।
সবার জন্য উম্মুক্ত প্রদর্শনী প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে।
২০০৫ সালের এ সংগঠনটির প্রতিষ্ঠা হয়। এর আগে ২০০৭ সালে একই ধরনের একটি প্রদর্শনীর আয়োজন করা হয়।
ইংরেজি দৈনিক নিউ এইজ, ইটিভি, রেডিও টুডে এবং অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ আয়োজনের মিডিয়া পার্টনার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/ডিডি/এইচএ/০০২৮ ঘ.
bdnews24