সিরাজগঞ্জ, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবারো যে কোনো সময় সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধে ভাঙ্গন দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মঙ্গলবার সকালে পাউবোর ডিজাইন শাখার নির্বাহী প্রকৌশলী মো. মোতাহার হোসেন ভাঙ্গন কবলিত শহররক্ষা বাঁধ (হার্ড পয়েন্ট) পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, "যমুনা নদীতে প্রবল ঘূর্ণাবর্তের কারণে আড়াই কিলোমিটার বাঁধের পুরোটাই ঝুঁকির মধ্যে রয়েছে। যে কোনো মূহূর্তে আবারো ধস হতে পারে।"
সোমবার সন্ধ্যায় যমুনা নদীর ডানতীরে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের প্রায় দেড়শ' মিটার অংশ ধসে যায়। রাত ৯টা পর্যন্ত বালির বস্তা ও কংক্রিটের ব্লক ফেলে ভাঙ্গন ঠেকাতে সক্ষম হয় পাউবো।
এ ব্যাপারে পাউবো কর্মকর্তা বলেন, প্রচণ্ড ঘূর্ণাবর্তের কারণে বাঁধের পাশের বালু সরে গিয়ে ৬০ থেকে ৭০ মিটার গভীরতা সৃষ্টি হয়েছে। এ কারণে বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে।
তিনি বলেন, ২০০০ সালে যখন বাঁধটি নির্মাণ করা হয় তখন তীরের পাশে গড় গভীরতা ছিল ১৩ মিটার যা বর্তমানে ৩ গুণ বেড়ে গড়ে ৩৯ মিটারে দাঁড়িয়েছে।
এ ধরনের গভীরতা পূরণ করতে নূন্যতম ৭০ লাখ ব্লক নিক্ষেপ করা দরকার। যার প্রস্তুতি এই মূহুর্তে পাউবোর নেই বলে প্রকৌশলী মোতাহার জানান।
তিনি জানান, হার্ড-পয়েন্টের উজানে বেশ কয়েকটি চ্যানেল সরু হয়ে যমুনার স্রোত সরাসরি হার্ড-পয়েন্টের পাশ দিয়ে প্রবাহিত হয়ে প্রধান চ্যানেলে পরিণত হয়েছে। যার কারণে ওই চ্যানেলে স্রোতের গতি বেড়ে প্রচুর ঘূর্ণাবর্তের সৃষ্টি হওয়ায় বাঁধের পাশে গভীরতা বেড়ে গেছে।
বাঁধটি ঝুঁকিমুক্ত করতে ৮০ কোটি টাকার একটি সংস্কার প্রকল্প পানি সম্পদ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে বলে জানান পাউবো কর্মকর্তা।
গত বছর ১০ ও ১৭ জুলাই শ্মশান ঘাটের পাশে হার্ড পয়েন্টে দুই দফা ভাঙ্গনে প্রায় এক হাজার ফুট অংশ নদীগর্ভে চলে যায়। চলতি বছর পাউবো প্রায় পৌনে ১৬ কোটি টাকা ব্যয়ে বাঁধটি মেরামত করে।
নতুন করে ভাঙনের ব্যাপারে পাউবো'র বিশেষায়িত শাখার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যমুনা নদীর গতিবিধি আগে থেকে অনুমান করা খুবই দুরহ ব্যাপার। গত বছরের মেরামত কাজ যেখানে হয়েছে তার প্রায় দুশ' মিটার উত্তরে হঠাৎ করেই ভাঙ্গন দেখা দিয়েছে।"
ড্রেজিং বিভাগের প্রধান প্রকৌশলী জ্যোতিদাস কুণ্ড বলেন, হার্ড-পয়েন্টের পূর্বদিকের ওই চ্যানেলটি ঘুরিয়ে দিতে প্রায় ৪ কোটি ঘনফুট মাটি ড্রেজিং করে সরানো দরকার।
এটা কেবল ক্যাপিটাল ড্রেজিং এর মাধ্যমেই সম্ভব জানিয়ে তিনি বলেন, বর্তমানে মাত্র ১০ লাখ ঘনফুট মাটি কাটার লক্ষ্যমাত্রা নিয়ে পাউবো'র ড্রেজিং বিভাগ এ অঞ্চলে তিন মাসের পাইলট ড্রেজিং প্রকল্প হাতে নিয়েছে।
মঙ্গলবার পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব শেখ মো. ওয়াহেদ্জ্জুামান, পাউবো'র মহাপরিচালক মো. হাবিবুর রহমান জিন্নাহ, সেনাবাহিনীর ৯৮-সংমিশ্রিত ব্রিগেডে'র অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল ফিরোজ হাসান, পাউবোর' রাজশাহী জোনের প্রধান প্রকৌশলী সাজেদুল করিম চৌধুরী, বগুড়া জোনের তত্ত্ববধায়ক প্রকৌশলী মো. আফজাল হোসেন, লেফট্যানেন্টে কর্নেল মো. আলী রেজা ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন।
এ সময় পানি সচিব শেখ মো. ওয়াহেদুজ্জামান সাংবাদিকদের বলেন, "ইতোমধ্যেই ভাঙ্গন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামীতে পুরো হার্ড-পয়েন্ট ঝুঁকিমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"
সিরাজগঞ্জ শহরের পূর্বপ্রান্তের মতি সাহেবের ঘাট থেকে রানীগ্রাম পর্যন্ত আড়াই কিলোমিটার শহররক্ষা বাঁধটি ২০০০ সালে প্রায় সাড়ে তিনশ' কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে দক্ষিণ কোরীয় ঠিকাদারি প্রতিষ্ঠান হুন্দাই কোম্পানি।
বাঁধটি একশ' বছর স্থানীয় হবে বলে নিশ্চয়তা দেওয়া হলেও ১০ বছরের মাথায় ধস দেখা দেয়।
কারণ হিসেবে পাউবো থেকে বলা হয়, সঠিক সময়ে বাঁধটির রক্ষণাবেক্ষণ করা হয়নি। গত বছরের ভাঙ্গনের প্রকৃত কারণ এখন পর্যন্তও জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৭৫৭ ঘ.
bdnews24