ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় অননুমোদিত ভবনের সঠিক সংখ্যা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষেরও (রাজউকের) জানা নেই।
জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।
মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষের এক প্রশ্নের লিখিত উত্তরে প্রতিমন্ত্রী বলেন, "রাজধানী ঢাকায় কত সংখ্যক বাড়ির মালিক রাজউক কর্তৃক বাড়ির নকশা অনুমোদন করেননি, তার সঠিক পরিসংখ্যান এ মুহূর্তে রাজউকের কাছে নেই। তবে, এ বিষয়ে তথ্য সংগ্রহের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।"
নেত্রকোনা-১ আসেনর সাংসদ মোশতাক আহমেদ রুহীর আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'ভূমিদস্যু' হিসাবে পরিচিত 'তথাকথিত' কিছু রিয়েল এস্টেট ব্যবসায়ী, যারা ঢাকা শহরের চারদিকে নদী, খাল, কৃষি জমি ও প্রাকৃতিক জলাশয় ভরাট করে হাউজিং প্রকল্প গড়ে তুলেছে, তাদের বিরুদ্ধে প্রাকৃতিক জলাধার আইন-২০০০ এবং বেসরকারি আবাসিক প্রকল্পের জন্য ভূমি উন্নয়ন বিধিমালা-২০০৪ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নওগাঁ-৬ আসনের সাংসদ ইসরাফিল আলমের আরেক প্রশ্নের জবাবে পূর্ত প্রতিমন্ত্রী মান্নান খানের অনুপস্থিতিতে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান সংসদকে জানান, ঢাকায় রাজউকের অনুমোদনহীন নকশার ভিত্তিতে যে সব ভবন নির্মিত হয়েছে, তা চিহ্নিত কারার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এরমধ্যে, এ ধরনের অনুমানিক চার হাজার ভবন চিহ্নিত করা হয়েছে। তালিকা চূড়ান্ত করা হলে মালিকদের নাম, ঠিকানা ও ভবনের নির্মাণকাজ সম্পর্কে তথ্য দেওয়া সম্ভব হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৭৪৮ ঘ.
bdnews24