২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামারুজ্জামান, কাদের মোল্লা আবারো ৩ দিনের রিমান্ডে

জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লাকে আবারো তিন দিনের পুলিশ হেফাজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 10:58 AM

Updated : 25 Aug 2022, 04:14 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লাকে আবারো তিন দিনের পুলিশ হেফাজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। সোমবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত পল্টন থানায় রাষ্ট্রপতির গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় এ অনুমতি দেয়। এর আগে পল্লবী থানায় দায়ের করা গণহত্যার মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাদেরকে পাঁচদিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শামসুর রহমান খান ওই মামলায় তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজত চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা এ আবেদন বাতিলের আবেদন করলে হাকিম আব্দুল মজিদ তা নাকচ করে তিন দিনের হেফাজত মঞ্জুর করেন। আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, "গত ১২ ফেব্র"য়ারি পল্টনে কালভার্টের পূর্ব পাশে শিবির কর্মীসহ অন্যান্যরা রাষ্ট্রপতি জিল্লুর রহমানের গাড়ির গতিরোধ করে হামলা চালায়। এই ঘটনায় ওই মাসেই পল্টন থানার পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করে। সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং কার্যালয়ের কনস্টেবল ময়েজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাষ্ট্রপতি গাড়ি বহর নিয়ে বিমানবন্দর যাওয়ার পথে শিবির কর্মীরা এ হামলা চালায়। পল্টনে ওই দিন শিবিরের বিক্ষোভ কর্মসূচি ছিল বলে উল্লেখ করেন তিনি। এই মামলায় এর আগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে তিনদিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গত ২৯ জুন জামায়াতে নিজামী, মুজাহিদ ও সাঈদীকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার এক মামলায় গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত তাদেরকে ওই মামলায় জামিন দিলেও পাঁচটি মামলায় ১৬ দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /পিবি/জেবি/এসএএ/২০০৫ঘ.