২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়ায় অবরোধ, ঘেরাও প্রত্যাহার

ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসে দিনাজপুরের ফুলবাড়িয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্তরা মঙ্গলবার গভীর রাতে খনি ঘেরাও এবং সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 10:54 AM

Updated : 25 Aug 2022, 04:14 PM

দিনাজপুর, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসে দিনাজপুরের ফুলবাড়িয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্তরা মঙ্গলবার গভীর রাতে খনি ঘেরাও এবং সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। আন্দোলনের নেতৃত্বদানকারী জীবন ও সম্পদ রক্ষা কমিটি নেতাদের সঙ্গে সোমবার রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত খনি কর্তৃপক্ষের বৈঠক হয়। বৈঠকে দুপক্ষের প্রতিনিধি নিয়ে একটি কমিটি করে যাচাই-বাছাই শেষে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর সঙ্গে কথা বলে প্রস্তাব বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার কথা বলে বেরিয়ে আসেন সম্পদ রক্ষা কমিটির নেতারা। এরপর মঙ্গলবার রাত ২টার দিকে অবরোধ ও ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করা হয়। অবরোধ প্রত্যাহারের পর দিনাজপুরের সঙ্গে সড়ক ও রেলপথে যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বুধবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু হবে। সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক ইব্রাহিম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, রাতে কমিটির ১৫ সদস্যের একটি দলের খনি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়ার পর রাত ২টার দিকে অবরোধ ও ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। জেলার পার্বতীপুর উপজেলায় অবস্থিত ফুলবাড়িয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্ত দুই হাজার ৬০০ ঘরবাড়ি ও স্থাপনার ক্ষতিপূরণ চেয়ে জীবন ও সম্পদ রক্ষা কমিটির ব্যানারে সোমবার বেলা সাড়ে ১১টায় খনি ঘেরাও কর্মসূচি পালন শুরু করে খনিসংলগ্ন ১১টি গ্রামের প্রায় তিন হাজার মানুষ। তারা খনিটির দুটি প্রবেশ মুখে অবস্থান নিয়ে দাবি আদায়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। দুপুরে পৌনে ৩টার দিকে আন্দোলনকারীরা গাছ ও বড় পাথর ফেলে পার্বতীপুর-ফুলবাড়ী সড়ক ও রেলপথ অবরোধ করে। ফলে সড়ক ও রেল পথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিকাল সাড়ে ৪টার দিকে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট হাসান মো. শওকত আলী ও র‌্যাব-৫ এর কর্মকর্তা ক্যাপ্টেন আহসান সম্পদ রক্ষা কমিটির নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। কিন্তু কোনো সমাধানে পৌঁছাতে ব্যর্থ হন তারা। অবরোধ ও ঘেরাও কর্মসূচি চলাকালে তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ বেল্ট কেটে দেয় আন্দোলনকারীরা। ফলে খনি থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ বন্ধ হয়ে যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজিবুল ফেরদৌসের নেতৃত্বে সোমবার সকাল থেকেই খনি কার্যালয়ের দুই ফটকে অতিরিক্ত পুলিশ অবস্থান নেয়। ক্ষতিগ্রস্ত এলাকাবাসী জালালউদ্দিন ও মাহফুজুল হক সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কর্তৃপক্ষ প্রতি বছর ক্ষতিগ্রস্ত এলাকার শস্য বাবদ ক্ষতিপূরণ দিয়ে থাকে। কিন্তু তাদের ফেটে যাওয়া ও ভেঙ্গে পড়া ঘরবাড়ির জন্য কোনো ক্ষতিপূরণ দেয় না। সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক ইব্রাহিম খলিল সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্ষতিগ্রস্ত বাড়িঘরের জন্য ক্ষতিপূরণের দাবিতে গত শনিবার জেলা প্রশাসককে একটি স্মারকলিপি দেওয়া হয়। রোববার খনি কর্তৃপক্ষের কাছেও একই আবেদন জানিয়ে একটি চিঠি দেওয়া হয়। এ ব্যাপারে খনির ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান বলেন, কয়লা উত্তোলনে ক্ষতিগ্রস্ত ৬৪৬ একর জমি ও স্থাপনার ক্ষতিপূরণে ৭১ লাখ ৯১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। রোববার থেকেই ক্ষতিগ্রস্তদের মধ্যে টাকা বিতরণ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০১৬ ঘ.