গাজীপুর, জুলাই ২০ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সোমবার বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃৃতের নাম আক্তারুজ্জামান সবুজ (২৮)। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ বলছে, সবুজ উপজেলার ভাওয়াল জামালপুর গ্রামের সিদ্দিকুর রহমানের বাড়িতে ভাড়া থেকে এলাকায় মাদক ব্যবসা করতেন।
কালীগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টার দিকে মাদক উদ্ধারে সিদ্দিকুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। তখন সবুজের কাছ থেকে এক রাউন্ড গুলিভর্তি ম্যাগজিনসহ ৭ পয়েন্ট ৬৫ বোরের একটি অটোমেটিক পিস্তল ও চার ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
পিস্তলে 'মেড ইন ইউএসএ' এবং 'অনলি ফর আর্মি সাপ্লাই' লেখা আছে।
সবুজকে কালীগঞ্জ থানা হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে ওসি আউয়াল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ জানিয়েছে, পরিচিত এক মাদক ব্যবসায়ী রোববার দুপুরে তার কাছে ওই অস্ত্র ও বিয়ার রেখে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/০৯১৯ ঘ.
bdnews24